ইমাদ ওয়াসিম এবং তাঁর স্ত্রী সানিয়া আশফাক আনুষ্ঠানিকভাবে তাঁদের বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেছে। সবার আগে ইমাদ এই খবরটি প্রকাশ করেছিলেন। ইমাদ জানিয়েছেন, স্ত্রী'র সঙ্গে লাগাতার ঝামেলার কারণেই এমন সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছেন তিনি। কিন্তু, গোটা বিষয় চোখের নিমেষে আরও জটিল হয়ে ওঠে। ইমাদের এই অভিষোগের পালটা আক্রমণ শানালেন স্ত্রী সানিয়া। তিনি দাবি করেছেন, তৃতীয় কোনও ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তাঁদের এই বিয়েটা ভাঙলেন। কারণ সে নিজেই ইমাদকে বিয়ে করতে চায়।
পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team) থেকে ইতিমধ্যে অবসর গ্রহণ করেছেন ইমাদ ওয়াসিম। গত ২৮ ডিসেম্বর পাকিস্তানের এই ৩৭ বছর বয়সি প্রাক্তন ক্রিকেটার ইনস্টাগ্রামে লিখেছিলেন, 'বিগত কয়েক বছর ধরে আমাদের মধ্যে যে ঝামেলা হচ্ছে, সেটা কিছুতেই থামতে চাইছে না। সেকারণে অনেক ভাবনাচিন্তার পর আমি বিবাহ বিচ্ছেদের আবেদন জানিয়েছি। সকলের কাছে একটাই আর্জি, এই সময় আমার পরিবারের গোপনীয়তা রক্ষা করা হোক। দয়া করে আমাদের দুজনের পুরনো কোনও ছবি আর ব্যবহার কিংবা শেয়ার করবেন না।'
সঙ্গে তিনি আরও জানিয়েছেন, ভবিষ্যতে যেন সানিয়াকে তাঁর স্ত্রী হিসেবে আর উল্লেখ না করা হয়। যে কোনও ধরনের গুঞ্জন থেকে বিরত থাকার জন্যও অনুরোধ করেছেন তিনি। কেউ যদি তেমন কাজ করেন, সেক্ষেত্রে ইমাদ আইনি পদক্ষেপ গ্রহণেরও হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি, সন্তানদের প্রসঙ্গেও মুখ খুলেছেন ইমাদ ওয়াসিম। বলেছেন, 'আমি ওদের বাবা। সেকারণে পিতৃত্বের যাবতীয় দায়িত্ব পালন করব। আমার পরিস্থিতিটা বোঝার জন্য এবং সম্মান করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।'
জবাব দিলেন সানিয়া
এই বিবৃতির পরিপ্রেক্ষিতে সানিয়ার জবাবও প্রকাশ্যে এসেছে। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, 'অত্যন্ত দুঃখের সঙ্গে আমি একথা জানাচ্ছি যে আমার ঘর ভেঙে গিয়েছে। আমার সন্তানেরা পিতৃহারা হয়েছে। আমি তিন সন্তানের মা। এরমধ্যে একজন সন্তানের বয়স তো মাত্র ৫ মাস। ওকে এখনও ওর বাবা কোলে পর্যন্ত নেয়নি। এই ব্যাপারটা আমি সকলের সঙ্গে শেয়ার করতে চাইনি। কিন্তু, চাপ থাকাটা কারোর দুর্বলতা হিসেবে ধরে নেওয়া একেবারেই উচিত নয়। দাম্পত্য জীবনে ঝগড়া, অশান্তি নতুন কোনও ঘটনা নয়। তবে আমি একজন স্ত্রী এবং মা হিসেবে নিজের দায়িত্ব পালন করেছি। তবে একজন তৃতীয় ব্যক্তির কারণে এই বিয়েটা ভাঙতে চলেছে। সে আমার স্বামীকে বিয়ে করতে চায়। অনেকদিন ধরেই চেষ্টা করছিল। অবশেষে অন্তিম আঘাতটা করেই দিল।'