কোর্টের সমন: তৃণমূলকে আক্রমণ অভয়ার মায়ের, মুখ্যমন্ত্রীকে কটূক্তি



পানিহাটি: কাল, শুক্রবার পানিহাটিতে বিজেপি প্রার্থী অর্থাৎ অভয়ার মায়ের হয়ে নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ৪৮ ঘণ্টা আগে, বুধবার সামনে এল যে, অভয়ার মা–কে ব্যারাকপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত আগামী শনিবার, ২৫ এপ্রিল অভিযুক্ত হিসেবে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠিয়েছে। কোর্টের পাঠানো ওই সমন আরজি করের নির্যাতিতার মা–কে দিতে তাঁর বাড়িতে যায় খড়দহ থানার পুলিশ।
আদালত ও পুলিশ সূত্রের খবর, পানিহাটি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হওয়ার পর পরই অভয়ার মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কটুকথা বলেছেন, এমন অভিযোগ ওঠে এবং নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতে আদালত ওই সমন পাঠিয়েছে। যার তারিখ ১৪ এপ্রিল। পানিহাটির বিজেপি প্রার্থী অবশ্য দাবি করেন, ওই সমনে তাঁর স্বামীর নামের বানান ভুল রয়েছে, তার জন্য তিনি পুলিশের কাছ থেকে ওই কাগজ গ্রহণ করেননি।
যদিও ওই সমন নিয়ে অভয়ার মা তীব্র ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের বিরুদ্ধে। সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'তৃণমূলের হাতে এমন কোনও অস্ত্র নেই, যা দিয়ে আমাকে ঘায়েল করা যাবে। তাই, এ ধরনের সমন পাঠিয়ে আমাকে হেনস্থা করার চেষ্টা হচ্ছে।' যদিও রাজ্য তৃণমূলের মুখপাত্র সম্রাট চক্রবর্তী বলেন, 'অভয়ার মায়ের জানা উচিত যে, পুলিশ এখন নির্বাচন কমিশনের অধীন। যাকে পরিচালনা করছে বিজেপি— উনি যে দলের প্রার্থী হয়েছেন, সেই দল। সমনে নামের ভুলটাও ইচ্ছাকৃত।'
মুখ্যমন্ত্রী সম্পর্কে কটু মন্তব্য করার ব্যাপারে পানিহাটির বিজেপি প্রার্থীর বিরুদ্ধে তৃণমূলের তরফে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়। তৃণমূল নেত্রী নির্বাচনী জনসভা থেকে অভয়ার মায়ের নাম না–করে তাঁকে সৌজন্য বজায় রাখতে বার্তা দেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি পানিহাটিতে প্রচারে এসে দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, বিজেপি প্রার্থীকে কেউ যেন শালীনতার সীমা অতিক্রম করে আক্রমণ না–করেন।
তবে মুখ্যমন্ত্রী সম্পর্কে অভয়ার মায়ের মন্তব্য নিয়ে সমালোচনা করেন অভিষেক। পানিহাটির বিজেপি প্রার্থী এ দিন বলেন, 'ভাইপো এসে বলে যাচ্ছে শালীনতা বজায় রাখতে আর অন্য দিকে, পিসির পুলিশ সমন পাঠাচ্ছে।' তৃণমূলের উদ্দেশে তাঁর মন্তব্য, 'আপনারা আমার দিকে ইট ছুড়লেও আমি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকব। কারণ, আমার পৃথিবী, আমার মেয়েকে আমি হারিয়েছি।'

Post a Comment

Previous Post Next Post