পালাবদল হলেও ক্যান্টিন থাকবে, আশ্বাস পদ্ম নেতাদের



আলিপুরদুয়ার: রাজ্যে রাজনৈতিক পালাবদলের জেরে আলিপুরদুয়ার পুরসভার দু'টি মা ক্যান্টিন বন্ধ হওয়ার পথে। তেমনই ইঙ্গিত দিয়েছেন আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর। অন্যদিকে, ফালাকাটা পুরসভার দু'টি মা ক্যান্টিন শনিবার থেকে সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে গেল। এর ফলে প্রতিদিন ফালাকাটা শহরের কয়েকশো গরিব মানুষ ৫ টাকার বিনিময়ে দুপুরের খাওয়া থেকে বঞ্চিত হবেন। একই অবস্থা হবে আলিপুরদুয়ার পুরসভার মা ক্যান্টিন বন্ধ হয়ে গেলে। যদিও মা ক্যান্টিন বন্ধ হবে না বলে আশ্বাস দিয়েছে বিজেপি। ফালাকাটার বিধায়ক দীপক বর্মন বলেন, 'কোনও মূল্যেই মা ক্যান্টিন বন্ধ করতে দেওয়া হবে না। দু'একদিন সমস্যা হতে পারে। পরে সব সামলে নেব।'

এ দিকে দু'টি ক্যান্টিন বন্ধ হওয়া নিয়ে ফালাকাটা পুরসভার চেয়ারম্যান অভিজিৎ রায় বলেন, 'চাল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ক্যান্টিন বন্ধ করে দিতে বাধ্য হয়েছি।' প্রসঙ্গত, করোনা পরিস্থিতির সময়ে আলিপুরদুয়ার পুরসভার মা ক্যান্টিন দু'টি চালু করা হয়। ফালাকাটা পুরসভার মা ক্যান্টিন দু'টি অবশ্য তার অনেক পরে চালু হয়েছিল। আলিপুরদুয়ার পুরসভার দু'টি মা ক্যান্টিন থেকে প্রতিদিন গড়ে ৪৫০ গরিব মানুষ খাবার পান।

অন্যদিকে, ফালাকাটা পুরসভার দু'টি মা ক্যান্টিন থেকে প্রতিদিন গড়ে ৫০০ মানুষকে খাবার সরবরাহ করা হতো। মাত্র ৫ টাকার বিনিময়ে মিলত ভাত, ডাল, সবজি ও ডিম। এই ক্যান্টিন বন্ধের সঙ্গে পিছনে রাজ্যে ক্ষমতা হারানোর যোগ রয়েছে বলে চর্চা চলছে। যদিও আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর বলেন, 'রাজনৈতিক পালাবদলের কোনও কারণে নয়। আসলে অনেক পুরসভাই মা ক্যান্টিন বন্ধ করে দিয়েছে। তাই আমাদের এখানেও মা ক্যান্টিন বন্ধ করে দেওয়া হতে পারে।' তবে চেয়ারম্যান অস্বীকার করলেও এই সিদ্ধান্তের পিছনে পালাবদলই কারণ বলে মনে করছে রাজনৈতিক মহল। জেলার এক তৃণমুল নেতা বলেন, 'আমাদের তো কোনও অস্তিত্বই নেই। মা ক্যান্টিন চালানোর আগ্রহ, উৎসাহ সবই হারিয়েছি আমরা।'

Post a Comment

Previous Post Next Post