‘বরাবর মানুষটার বড় ফ্যান’, শমীকে মুগ্ধ ইমন, বললেন, ‘আমাকে বিজেপি…’



রাজ্যে দ্বিতীয় দফা ভোটের প্রাক্কালে ভবানীপুরে তৃণমূলের প্রচার মঞ্চে দাঁড়িয়ে গান শুনিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট প্রার্থনা করেছিলেন। এমনকী ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শিল্পীর ঘাসফুল শিবিরের হয়ে ভোটে লড়ার খবরও ছড়িয়ে পড়েছিল! যদিও সেটা হয়নি, তবে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে গান পরিবেশন থেকে ইমন চক্রবর্তীর গাওয়া ‘উন্নয়নের পাঁচালি’, এমনকী তৃণমূল সুপ্রিমোর সঙ্গে তাঁর শখ্যতার সাক্ষী গোটা রাজ্য। যদিও ছাব্বিশের মসনদ ধরে রাখতে ব্যর্থ তৃণমূল, বরং ‘পরিবর্তনের ঢেউ’ নিয়ে বাংলায় সুনামির মতো আছড়ে পড়েছে বিজেপি। সেই প্রেক্ষিতেই গত ১৭ দিনে নেটভুবনের আতশকাচে ঘাসফুলের হয়ে প্রচার করা তারকামহল। এবার চর্চায় ইমন চক্রবর্তীর শমীক স্তুতি।
বদলের বাংলায় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে শিল্পীদের সুর বদলের সংখ্যা। রাজ্য রাজনীতিতে পালাবদলের আবহে গত কয়েক দিনে নেটভুবনের আতশকাচে এহেন বহু গুনীজনের মন্তব্য ধরা পড়েছে, যা নিয়ে সরগরম ওয়াকিবহালমহল। এবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বক্তৃতার ভিডিও পোস্ট করে প্রশংসায় পঞ্চমুখ ইমন চক্রবর্তী। সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠেছে, তাহলে কি তালিকায় শামিল ইমনও? আসলে সম্প্রতি মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন শমীক ভট্টাচার্য। পড়ুয়াদের আদর্শ জীবনবোধের পাঠও দিতে শোনা যায় তাঁকে। আর সেই ভিডিও দেখেই বিজেপির রাজ্য সভাপতিতে মুগ্ধ গায়িকা। ইমনের মন্তব্য, “নাও বলো আমাকে বিজেপি। কিন্তু কথাগুলো শুনে নিও। শুধু এখন নয়, আমি বরাবরই এই মানুষটার সবথেকে বড় ভক্ত।” সঙ্গীতশিল্পীর এহেন মন্তব্যে সোশাল পাড়ার একাংশ প্রশ্ন তুলেছেন, ‘বরাবর যখন শমীকের মতো রাজনীতিবিদকে পছন্দ, তাহলে এতদিন কেন প্রশংসা করেননি?’ কেউ বা মনে করিয়ে দিলেন, মমতা সরকারের হয়ে গাওয়া তাঁর ‘উন্নয়নের পাঁচালি’র কথা। একাংশ আবার সরাসরি ‘পাল্টিবাজ’, ‘সুবিধেবাদী’ বলেও তোপ দাগলেন! কারও কটাক্ষ, ‘আপনিও এইসময়ে ডিগবাজি খেলেন?’ এহেন নানা কটাক্ষবাণে ছেয়ে গিয়েছে ইমনের পোস্টের মন্তব্যবাক্স।

Post a Comment

Previous Post Next Post