এনআরএসে নার্সের রহস্যমৃত্যু, গাইনি বিল্ডিয়ের শৌচাগারের দরজা ভেঙে দেহ উদ্ধার


নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (NRS) নার্সের দেহ উদ্ধার। স্ত্রী রোগ বিভাগ বিল্ডিংয়ের শৌচাগার থেকে উদ্ধার হয় দেহ। বুধবার নাইট ডিউটিতে যোগ দেওয়ার পরে রাত সাড়ে ১০টা নাগাদ শৌচাগারে যান। অনেকক্ষণ না বেরোনোয় দরজা ভেঙে দেখা যায়, অচৈতন্য হয়ে পড়ে রয়েছেন মেঝেতে। ডাক্তার পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। অ্যান্টিন্যাটাল ওয়ার্ডের স্টাফ টয়লেট থেকে দেহটি উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় এন্টালি থানার পুলিশ। বুধবার রাতে HDU ওয়ার্ডে কর্তব্যরত ছিলেন বছর ৩০-এর ওই নার্স। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সম্ভবত অ্যানাস্থেসিয়া ড্রাগ ওভারডোজ় ইনজেকশনের কারণে এই মৃত্যু। সব দিক খোলা রেখেই তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে এনআরএস আউটপোস্ট থেকে এন্টালি থানায় এক নার্সের আত্মহত্যার খবর যায়। এর পরেই ডিডি হোমিসাইড টিম ও স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সেই সময়ে ওই নার্স অচৈতন্য অবস্থায় বিছানায় শোওয়ানো ছিল বলে পুলিশ সূত্রে খবর।

তদন্তে উঠে আসে, ওই নার্সের নাইট শিফ্টে ডিউটি ছিল বুধবার। রাত ৮টা থেকে তাঁর ডিউটি ছিল। রাত সাড়ে ১০টা নাগাদ তিনি ওয়াশ রুমে যান। পুলিশ সূত্রে খবর, বেশ কিছুক্ষণ সময় কেটে গেলেও ওই নার্স ওয়ার্ডে ফেরেননি। ওয়াশরুমের সামনে গিয়ে তাঁর সহকর্মীরা ডাকাডাকি করলেও কোনও সাড়া মেলেনি।

বার বার ধাক্কা দিলেও দরজা না খোলায় দু’জন সেই দরজা ভাঙেন। এর পরেই দেখেন অচৈতন্য অবস্থায় তিনি পড়ে আছেন। চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে শরীরে কোনও ক্ষতচিহ্ন বা সুইসাইড নোট উদ্ধার হয়নি।

Post a Comment

Previous Post Next Post