দীর্ঘ অপেক্ষার পর ফিরেছে ‘আওয়ারাপন’-এর জনপ্রিয় চরিত্র শিবম পণ্ডিত। আর ফিরেই বক্স অফিসে যেন নতুন ইতিহাস লিখলেন ইমরান হাশমি। ১৪ অগস্ট মুক্তি পাওয়া ‘আওয়ারাপন ২’ মাত্র কয়েক দিনের মধ্যেই ভারতীয় বক্স অফিসে ১০০ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে। বিশেষ তাৎপর্য হল, এটিই ইমরান হাশমির কেরিয়ারে প্রথম ১০০ কোটির ‘সোলো লিড’ ছবি।
২০০৭ সালের ‘আওয়ারাপন’ বক্স অফিসে বড় সাফল্য না পেলেও সময়ের সঙ্গে ছবিটি দর্শকের কাছে ‘কাল্ট’ মর্যাদা পায়। সেই ছবির আবেগ, গান এবং ইমরানের অভিনয়ই পরবর্তী সময়ে ছবিটিকে আলাদা জায়গা করে দেয়। প্রায় দুই দশক পর সেই চরিত্রের প্রত্যাবর্তন যে দর্শক এতটা আগ্রহের সঙ্গে গ্রহণ করবেন, ‘আওয়ারাপন ২’-এর সাফল্যই তার প্রমাণ।
তবে ছবিকে ঘিরে আলোচনার আরও একটি কারণ রয়েছে। দীর্ঘদিন ধরে বলিউডে ‘সিরিয়াল কিসার’ হিসেবে পরিচিত ইমরান হাশমি এই ছবিতে কোনও কিসিং দৃশ্যে দেখা দেননি। বিষয়টি নিয়ে সমাজমাধ্যমে দর্শকদের একাংশের মধ্যে মজার প্রতিক্রিয়াও দেখা গিয়েছে। অনেকেরই প্রশ্ন—‘পুরনো ইমরান হাশমি কোথায়?’
কিন্তু চুম্বন দৃশ্য ছাড়াই দর্শকের মন জয় করেছে ছবিটি। প্রথম সপ্তাহেই ভারতে ছবিটির নেট আয় ১০৮ কোটিরও বেশি হয়েছে বলে বক্স অফিস রিপোর্টে দাবি করা হয়েছে। পাশাপাশি বিশ্বব্যাপী আয় ইতিমধ্যেই ১৫০ কোটি টাকা ছাড়িয়েছে।
অর্থাৎ, ইমরান হাশমির জনপ্রিয়তার পুরনো ‘ইমেজ’-এর উপর নির্ভর না করেও ‘আওয়ারাপন ২’ যে দর্শক টানতে সক্ষম হয়েছে, তা স্পষ্ট। বরং অ্যাকশন, আবেগ, নস্ট্যালজিয়া এবং শিবম পণ্ডিতের চরিত্রই ছবির সাফল্যের বড় কারণ হয়ে উঠেছে।
একসময় যে ‘আওয়ারাপন’ বক্স অফিসে ব্যর্থ হয়েছিল, তারই দ্বিতীয় অধ্যায় আজ ইমরান হাশমির কেরিয়ারে নতুন মাইলফলক তৈরি করেছে। আর তাই ‘ফিনিক্স’-এর মতোই যেন ছাই থেকে উঠে নতুন করে নিজের জায়গা তৈরি করলেন অভিনেতা—চুমু ছাড়াই!