রেস্তোরাঁয় চিকেন মুখে দিতেই দুর্গন্ধ! চাঞ্চল্য সিটি সেন্টারে



দুর্গাপুর: সিটি সেন্টার অঞ্চলে একটি নামী রেস্তোরাঁয় পচা চিকেন পরিবেশনের অভিযোগ উঠল। আসানসোল থেকে কলকাতায় যাওয়ার পথে একটি পরিবার রবিবার দুপুরে সিটি সেন্টারের ওই রেস্তোরাঁয় যান দুপুরের খাবার খেতে। প্রথমে তাঁরা তন্দুরি চিকেন অর্ডার করেছিলেন। চিকেন মুখে দিতেই দুর্গন্ধ পান। পচা চিকেন পরিবেশনের অভিযোগ পেয়ে রেস্তোরাঁয় যায় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ।
উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার বাসিন্দা রজত ঘোষ পরিবার নিয়ে এ দিন গাড়িতে আসানসোল থেকে কলকাতা যাচ্ছিলেন। দুপুরে খাওয়ার জন্য দুর্গাপুরের সিটি সেন্টার অঞ্চলে একটি নামী রেস্তোরাঁয় ঢোকেন। রজত ঘোষ বলেন, ‘তন্দুরি চিকেন অর্ডার করেছিলাম। মুখে দিতেই প্রচণ্ড দুর্গন্ধ নাকে আসে। বুঝতে পারি পচা চিকেন দেওয়া হয়েছে। প্রথমে রেস্তোরাঁর লোক তা মানতে চাননি। পরে তাঁরা বলেন, খাবার বদলে দেওয়া হবে। কিন্তু আমরা নিইনি।’
রেস্তোরাঁর ম্যানেজার জিশান হোসেন বলেন, ‘আমরা সবসময়ে ফ্রেস খাবার পরিবেশন করে থাকি। কোনও ভাবে হয়তো খাবার নষ্ট হয়ে গিয়েছিল। কাস্টমারকে নতুন করে খাবার দেওয়ার কথা বলা হয়। কিন্তু তাঁরা আর খাবার নিতে রাজি হননি।’

Post a Comment

Previous Post Next Post