এবছর পুজো অনুদান দেবে রাজ্য সরকার? পুজো নিয়ে যা জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী


কলকাতা : আর কয়েকদিন পরেই দুর্গাপুজো। পালাবদলের রাজ্য। নতুন সরকার। নতুন মুখ্যমন্ত্রীর আমলে কি বদলে যাবে গত ১৫ বছরের পুজোর ছবিটা ? কলকাতার বিগ ব্যানারের পুজোগুলোতে কি একইরকম জাঁকজমক থাকবে ? সরকারের ঘর থেকে দেওয়া হবে কি পুজোর অনুদান ? আগামী মাসেই দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকার। জানালেন শুভেন্দু অধিকারী।

সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী ৭ সেপ্টেম্বর পুজো উদ্যোক্তাদের সঙ্গে সরকারের সংশ্লিষ্ট দফতরের বৈঠক হবে। তবে পুজো কমিটিগুলিকে দেওয়া অনুদানের বিষয়ে এখনই কোনও ঘোষণা করতে চাননি তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, তথ্য ও সংস্কৃতি দফতর এবং পুলিশ যৌথভাবে পুজো সংক্রান্ত বিষয়গুলি দেখভাল করবে। অনুদান নিয়ে এখনই কিছু জানানো সম্ভব নয় বলেও স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন বলেন, “আগে থেকে কিছু বলা যায় না। সে দিনই সবাই জানতে পারবেন।”

পাশাপাশি এই দিন , দুর্গাপুজোর আগেই রাজ্যের রাস্তাঘাটের পরিস্থিতি নিয়ে আশার কথা শোনান শুভেন্দু অধিকারী। তিনি খুব শিগগিরিই রাস্তাগুলোর আবস্থা উন্নত করার আশ্বাস দেন। তিনি জানিয়েছেন, ১০ অক্টোবরের মধ্যে রাস্তার সমস্ত গর্ত মেরামত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে পূর্ত দফতর, পঞ্চায়েত এবং পুরসভাগুলিকে। পুজোর সময় সাধারণ মানুষের যাতায়াতে যাতে সমস্যা না হয়, সে লক্ষ্যেই দ্রুত রাস্তা মেরামতের কাজ শেষ করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

Post a Comment

Previous Post Next Post