আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আপাতত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জেরে ঝড়বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে।অন্যদিকে দুর্যোগ হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।উত্তর থেকে দক্ষিণ, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়াও। আপাতত রাজ্য থেকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা নেই।আজ ২৫ অগস্ট, ২০২৬ মঙ্গলবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, কলকাতা, ঝাড়গ্রাম - এইসব জেলায়।এই জেলাগুলির দু-এক জায়গায় ভারী বৃষ্টি অর্থাৎ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তার সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া।আবহাওয়া দফতর উল্লিখিত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।আজ ২৫ অগস্ট মঙ্গলবার উত্তরবঙ্গের ২ জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস এবং তার জন্য জারি রয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও চলবে ঝড়বৃষ্টি। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি - এই দুই জেলার দু-এক জায়গায় আজ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় দমকা হাওয়ার গতিবেগ হবে ৩০ থেকে ৪০ কিলোমিটার। ২৬ এবং ২৭ অগস্ট দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি কিছুটা কমলেও ২৮ অগস্ট থেকে ফের বাড়বে দুর্যোগ। চলবে ৩০ অগস্ট পর্যন্ত। মাঝে ২৯ তারিখ কিছুটা কমবে ঝড়বৃষ্টি।
অন্যদিকে, ২৭ ও ২৮ অগস্ট উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি কিছুটা কমলেও ২৯ অগস্ট থেকে ফের বাড়বে দুর্যোগ এবং তা চলবে ৩০ অগস্ট পর্যন্ত।