আসানসোল: মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে আসানসোল শিল্পাঞ্চলে সূচনা হলো দুর্গা সুরক্ষা স্কোয়াডের। সোমবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এই বিশেষ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আসানসোলের পরে দুর্গাপুরেও দ্রুত এই পরিষেবা চালুর কথা জানিয়েছেন পুলিশ কমিশনার প্রণব কুমার। প্রাথমিক ভাবে ১০ জন মহিলা পুলিশকর্মীকে নিয়ে এই স্কোয়াড তৈরি করা হয়েছে। স্কুটার ও আগ্নেয়াস্ত্র নিয়ে গোলাপি জ্যাকেট পরে সদস্যরা জনবহুল এলাকাগুলিতে টহল দেবেন। বিপদ বুঝলে মহিলারা ১০০ বা ১১২ নম্বরে ফোন করলেই মিলবে এই স্কোয়াডের সাহায্য।
রাজ্যে মহিলাদের নিরাপত্তায় দুর্গা সুরক্ষা স্কোয়াড চালুর কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ দিন অগ্নিমিত্রা বলেন, ‘সামনেই শারদোৎসব। এ সময়ে মহিলাদের নানা কাজে বাড়ির বাইরে বেরোতে হয়। ভিড়ের মধ্যে কেপমারি ও অশালীন আচরণের ভয় থাকে। দুর্গা সুরক্ষা স্কোয়াড তৈরি হওয়ায় মহিলারা এ বার থেকে স্বাচ্ছন্দে বাইরে বেরিয়ে নিশ্চিন্ত থাকতে পারবেন। মহালয়ার আগেই নিরাপত্তা সংক্রান্ত আরও কিছু পদক্ষেপের কথা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী।’
নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা আরও জোরদার করতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট একটি বিশেষ পদক্ষেপও গ্রহণ করেছে। কয়েকটি থানার মোবাইল ভ্যানে ক্যামেরা বসিয়ে তা যুক্ত করা হয়েছে কমিশনারেটের সদর কন্ট্রোল রুমের সঙ্গে। ফলে লাইভ নজরদারির মাধ্যমে থানা থেকে খবর আসার আগেই দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। এই বিষয়ে পুলিশ কমিশনার বলেন, ‘এই পদক্ষেপটি জেলার কয়েকটি থানায় পরীক্ষামূলক ভাবে শুরু করা হয়েছে।’ অন্য দিকে, উৎসবের মরশুমে আইনশৃঙ্খলা বজায় রাখতে আসানসোলে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে বলে পুলিশ সূত্রের খবর।