আগামী ২৮ আগস্ট মেয়ো রোডে টিএমসিপির কর্মসূচি পালন করতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় তৃণমূলের দুই শিবির। আজ, মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলাটির শুনানির জন্য ওঠে। শুনানিতে বিচারপতির স্পষ্ট নির্দেশ, কালীঘাটপন্থী এবং ঋতব্রতপন্থী, দুই শিবিরের সভাতে কখনই ১৫০০ জনের বেশি সমাগম করা যাবে না। এমনকী সভার সময়ও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কলকাতা হাই কোর্টের তরফে। আদালত জানিয়েছে, দুই শিবিরকেই সভা করতে হবে দুপুর ১২ টা থেকে দুপুর ৩টের মধ্যে। শুধু তাই নয়, আগামী বুধবারের মধ্যে ২০ জন করে স্বেচ্ছাসেবকের ফোন নম্বর দুই শিবিরকেই পুলিশের কাছে জমা দিতে হবে। অনুষ্ঠানের দিন যান চলাচল যাতে স্বাভাবিক থাকে তাও নিশ্চিত করতে হবে।
পাশাপাশি দুই শিবিরের অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করতে পুলিশকে নির্দেশ বিচারপতির। তবে এদিন কালীঘাট এবং ঋতব্রতপন্থীদের উদ্দেশে আদালতের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, ”একযোগে অনুষ্ঠান করুন। ব্রিগেডে ১০ হাজার জমায়েতের অনুমতি দেব।”