‘মমতা টাকা পাঠাচ্ছে, উনি মুখ্যমন্ত্রী আর বিজেপি-কে ভরসা করেন’, অগ্নিমিত্রার কাছে ধমক খাওয়া মহিলার সঙ্গে দেখা করে বললেন শুভেন্দু



কলকাতা: ফুটপাতে শিশুর জন্য দুধ গরম করায় ধমক দিয়েছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 'জনতার দরবারে' পৌঁছলেন ফুটপাত নিবাসী সেই মহিলা। সন্তানকে কোলে নিয়েই 'জনতার দরবারে' পৌঁছন ওই মহিলা। সেখানে তাঁর সঙ্গে কথা বলেন শুভেন্দু। জানান, ওই মহিলা মুখ্যমন্ত্রীর উপরই ভরসা রাখছেন। গত ১৫ বছর  ধরে আগের সরকার তাঁর কোনও খোঁজই নেয়নি। মমতা বন্দ্যোপাধ্য়ায় তাঁকে টাকাও পাঠাচ্ছেন বলে দাবি করেন শুভেন্দু।
'জনতার দরবারে' এদিন সন্তানকে কোলে নিয়ে হাজির হন ফুটপাত নিবাসী ওই মহিলা। সেখানে তাঁর সঙ্গে কথা বলেন শুভেন্দু। কী কথা হল, তা জানাতে গিয়ে শুভেন্দু বলেন, "উনি বলেছেন, মুখ্যমন্ত্রীকেই ভরসা করেন। ১৫ বছর মমতা খোঁজ নেয়নি। আর মমতা বন্দ্যোপাধ্যায় লোক পাঠাচ্ছে, বলছে টাকা নাও, বিজেপি-র বিরুদ্ধে কথা বলো। উনি বললেন, 'আমার ভরসা মুখ্যমন্ত্রীকে, বিজেপি-কে'। আমি বললাম, কর্পোরেশনকে বলে দেব, আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে। রাস্তায় থাকবেন না। ফুটপাত মানুষের জন্য। থাকার ব্যবস্থা আমরা করব।"
অগ্নিমিত্রা যেভাবে ওই মহিলাকে ধমক দেন, তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। কিন্তু এদিন শুভেন্দু বলেন, "আরে উনি কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। যারা এই কবিতা, ছড়া লিখছেন, ওই যে...মাকুরা, বামপন্থীরা...ওদের বলব, খোঁজ নেননি, ৫০ বছর ছিল। ৩৪ বছর আপনারা এই সব মানুষের খোঁজ নেননি। ১৫ বছর মমতা। দেখলেন তো, সীতাদেবী এখানে এসে বলছেন, 'ভরসা মুখ্যমন্ত্রীকে করি, বিজেপি-কে করি। মমতার চক্করে নেই'।"

Post a Comment

Previous Post Next Post