ঝাড়খণ্ডে পরীক্ষায় ‘অনিয়ম’: সিবিআই তদন্ত চেয়ে মামলায় কেন্দ্র এবং হেমন্তের সরকারকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট


ঝাড়খণ্ডে সরকারি চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন এক সমাজকর্মী। অভিযোগের নিরপেক্ষ এবং সময়বদ্ধ তদন্তের দাবিতে দায়ের হওয়া মামলার শুনানিতে সোমবার কেন্দ্র এবং ঝাড়খণ্ড সরকারকে নোটিস পাঠাল শীর্ষ আদালত। একই সঙ্গে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (JPSC) এবং সিবিআই-সহ সংশ্লিষ্ট পক্ষগুলির কাছ থেকেও জবাব চাওয়া হয়েছে।
প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনা। মামলাটি দায়ের করেছেন সমাজকর্মী হরিশরণ দেবগণ। তাঁর আবেদন, ঝাড়খণ্ড কম্বাইন্ড সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি কম্পিটিটিভ এগজ়ামিনেশন নিয়ে ওঠা অভিযোগের তদন্ত সিবিআইয়ের হাতে দেওয়া হোক। বিকল্প হিসাবে সুপ্রিম কোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে স্বাধীন তদন্তের আর্জিও জানানো হয়েছে।
মামলাকারীর দাবি, ২০২৫ সালের ঝাড়খণ্ড কম্বাইন্ড সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষার স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। পরীক্ষাটি JPSC-এর মাধ্যমে ১৯ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত হয়েছিল। অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি তদন্ত শেষ করার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার আবেদনও করা হয়েছে।
এই ইস্যুতে ঝাড়খণ্ডে পড়ুয়া এবং চাকরিপ্রার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরেই ক্ষোভ রয়েছে। পরীক্ষায় কথিত অনিয়মের প্রতিবাদে আন্দোলনও হয়েছিল। রাজ্য সরকার একাধিক নিয়োগ পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিলেও সেই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা হয়। ঝাড়খণ্ড হাই কোর্ট ইতিমধ্যেই পরীক্ষাগুলি বাতিলের সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে।
ফলে গোটা নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্ক আরও জোরালো হয়েছে। সুপ্রিম কোর্টের নোটিসের পর কেন্দ্র, ঝাড়খণ্ড সরকার এবং JPSC কী জবাব দেয়, সে দিকেই এখন নজর থাকবে। তবে সোমবারের শুনানিতে আদালত এখনও সিবিআই তদন্তের নির্দেশ দেয়নি; সংশ্লিষ্ট পক্ষগুলির বক্তব্য জানার পরই পরবর্তী পদক্ষেপ ঠিক হবে।

Post a Comment

Previous Post Next Post