গ্রেপ্তার উত্তর ২৪ পরগনার গোবরডাঙা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুভাষ দত্ত। বাড়িতে সরকারি ত্রাণ সামগ্রী মজুত রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। সোমবার তাঁকে গ্রেপ্তার করে গোবরডাঙা থানার পুলিশ। এর আগে সরকারি ত্রাণ সামগ্রী মজুত রাখার অভিযোগে স্থানীয় বাসিন্দারা তাঁর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান। যদিও কী কারণে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয় তা তিনি জানেন না বলে দাবি করেছেন সুভাষ দত্ত। একই সঙ্গে তাঁর দাবি, দীর্ঘ দিন পুরসভার কাউন্সিলর হিসেবে থাকার কারণে বাড়িতে ত্রাণ সামগ্রী থাকাটা স্বাভাবিক ব্যাপার।
প্রসঙ্গত, ২০১০ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত গোবরডাঙা পুরসভার চেয়ারম্যান ছিলেন সুভাষ দত্ত। তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতেই চেয়ারম্যান হয়েছিলেন তিনি। পরে তাঁকে দল প্রার্থী করেনি। নির্দল হিসেবে লড়াই করে গোবরডাঙা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে জিতেছিলেন তিনি। কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ার কয়েক মাস পরেই তৃণমূলে যোগদান করেন সুভাষ দত্ত। এ বার তাঁরই বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে কম্বল, কাপড়, বালতি-সহ অন্যান্য ত্রাণ সামগ্রী।
সোমবার দুপুর থেকেই সুভাষ দত্তের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, সাধারণ মানুষকে দেওয়ার কথা থাকলেও তা না দিয়ে দীর্ঘদিন ধরে সরকারি ত্রাণ সামগ্রী নিজের বাড়িতে মজুত করে রাখেন তিনি।