জেনারেশন জি-র পর এ বার আন্দোলনের ময়দানে জেনারেশন আলফা। মধ্যপ্রদেশের ভোপালে স্কুলের প্রস্তাবিত সংযুক্তিকরণের প্রতিবাদে পথে নামল একদল পড়ুয়া। মঙ্গলবার ভোপালের PM Shri Demonstration Multipurpose School (DMS)-এর পড়ুয়ারা প্রস্তাবিত ভাবে স্কুলটিকে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন বা KVS-এর সঙ্গে যুক্ত করার সিদ্ধান্তের বিরোধিতা করে বিক্ষোভ দেখায়।
পড়ুয়াদের মূল দাবি, স্কুলের স্বতন্ত্র পরিচয় এবং বর্তমান শিক্ষাব্যবস্থা যেন কোনও ভাবেই নষ্ট না হয়। বিক্ষোভকারীদের বক্তব্য, DMS শুধুমাত্র একটি সাধারণ স্কুল নয়। ১৯৬৫ সালের ডিসেম্বর থেকে এই ধরনের Demonstration Multipurpose School বা Regional School জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদ (NCERT)-এর অধীনে শিক্ষাক্ষেত্রে নানা নতুন পদ্ধতি নিয়ে পরীক্ষানিরীক্ষার কেন্দ্র হিসেবে কাজ করে আসছে। ভোপাল ছাড়াও আজমের, মহীশূর এবং ভুবনেশ্বরে এমন প্রতিষ্ঠান রয়েছে।
পড়ুয়াদের আশঙ্কা, KVS-এর সঙ্গে সংযুক্তিকরণ হলে স্কুলটির নিজস্ব শিক্ষাদর্শ, প্রশাসনিক কাঠামো এবং পরীক্ষামূলক শিক্ষাপদ্ধতির চরিত্র বদলে যেতে পারে। সেই কারণেই তাঁরা ‘Save DMS’ স্লোগান তুলে প্রস্তাবিত সংযুক্তিকরণ বাতিলের দাবি জানান। বিক্ষোভের পরে স্কুল কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়।
পড়ুয়াদের দাবি, DMS-এর বর্তমান কাঠামো বজায় রাখার পাশাপাশি প্রতিষ্ঠানটিকে শিক্ষাক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী করা হোক। তাঁদের বক্তব্য, সংযুক্তিকরণের বদলে স্কুলটির নিজস্ব বৈশিষ্ট্য এবং দীর্ঘদিনের শিক্ষামূলক ভূমিকা রক্ষা করা প্রয়োজন।
শুধু ভোপাল নয়, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রদেশের বিভিন্ন প্রান্তে স্কুলপড়ুয়াদের নানা দাবিতে পথে নামতে দেখা যাচ্ছে। কোথাও স্কুলের অবস্থান বদলের প্রতিবাদ, কোথাও পরিবহণের খরচ—শিক্ষা ও দৈনন্দিন সমস্যাকে কেন্দ্র করে সরব হচ্ছে নতুন প্রজন্ম।
ভোপালের এই আন্দোলন তাই শুধু একটি স্কুলের প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিবাদ নয়, বরং নিজেদের শিক্ষাব্যবস্থা ও ভবিষ্যৎ নিয়ে জেন আলফা পড়ুয়াদের সচেতনতারও একটি উল্লেখযোগ্য উদাহরণ হয়ে উঠেছে। প্রশাসন শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই নজর।