কলকাতা : লালবাজারে কলকাতা পুলিশের জীবনরক্ষা পদক প্রদান অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই পুলিশে নিয়োগ নিয়ে বার্তা দিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারী বলেছেন, 'এখানে লাখপতি পুলিশ ১০৬। এত খারাপ পজিশন কোথাও নেই। আমাদের ১ বছরের মধ্যে ইউপি- র মতো লাখপতি ২০০- তে নিয়ে যেতে হবে। নতুন পদ তৈরি না করে, এখনই পুলিশে শূন্যপদ রয়েছে ৪৩ হাজার। ম্যান পাওয়ার বাড়াতে হবে। মেশিনারি যতই নিন, ম্যান পাওয়ার বাড়াতেই হবে। আমরা নিয়োগ করব। হাজারেরও বেশি নিয়োগ হবে। নতুন থানাও আমরা বানাবো। থানাতে আধুনিক পরিকাঠামো থাকবে। মহিলা ডেস্ক আরও শক্তিশালী হবে। সাইবার ডেস্ক আমাদের নজরে থাকবে। সাইবার ক্রাইমের থেকে রিলিফ দেওয়ার ব্যাপারে বিশেষভাবে নজর দিতে হবে।'
এর পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেছেন, 'সিভিল ডিফেন্সে ২০০ জনের নতুন ব্রিগেড বানানো হবে। পুজোর আগে লঞ্চ হবে অর্জুন বাহিনী। আপাতত রাজ্য সৈনিক বোর্ড থেকে ৪০ বছর বয়স পর্যন্ত ৮০-৯০ জনকে পাওয়া গিয়েছে, তাঁদের দিয়ে শুরু হবে। পরে অগ্নিবীরদের নিয়ে নেব। ২০০ জনের দল হবে। ১০০ জন শহরের জন্য, ৫০ জন সাগরের জন্য, ৫০ জন পাহাড়ের জন্য। ডিজিপিকে বলেছি আমাদের ১১২ চালু করতে হবে। ইউপি- তে ৬ মিনিটে পুলিশ রেসপন্স করে। বেঙ্গলে গড়ে ৩ ঘণ্টায় রেসপন্স করে। সমীক্ষায় বেরিয়েছে। কলকাতার ব্যাপার আলাদা। ম্যান পাওয়ার বেশি। গাড়ি-বাইক আছে। এর সঙ্গে রাজ্য পুলিশকে গুলিয়ে ফেললে চলবে না। ১১২- র নির্দিষ্ট চারটে করে গাড়ি দিতে হবে প্রতি থানায়। এখনই তো পুরোটা পারব না। আপাতত ১০০ কোটি দিয়েছি। প্রতি থানায় একটা করে ১১২- র ডেডিকেটেড গাড়ি চলে যাবে। পরের বাজেটে আরও ২টো দিয়ে দেব। মার্চের মধ্যে ৩টে করে হয়ে যাবে। মহালয়ার দিন উদ্বোধন করে দিতে বলেছি। ৫১২টি থানা, ৫১২টা গাড়ি একদিনে উদ্বোধন, মানে ব্রিগেডে করতে হবে। পুলিশে ম্যান পাওয়ার বাড়ানোরও অনুরোধ করছি।'
এই অনুষ্ঠানেই আরও অনেক বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আরজি করকাণ্ডের মতো ঘটনা ঘটলে কড়া অ্যাকশন নেবে পুলিশ। পুলিশের পাশে দৃঢ়ভাবে থাকবেন পুলিশমন্ত্রী, লালবাজারের অনুষ্ঠান থেকে এমনই বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। এছাড়াও বিজেপি সরকারের আমলে দমকল-পুলিশ সমন্বয়ের কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেছেন, 'আর জি কর বা পকসোর কোনও কেস হলে ২ বার ভাববেন না। কঠোর অ্যকশন নেবেন। আমি পুলিশমন্ত্রী শিল্ড হয়ে সামনে দাঁড়াব।' পাশাপাশি, রাজ্যে পালাবদলের পর, বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের ঐক্য়ের প্রসঙ্গও টানেন মুখ্যমন্ত্রী । বিজেপি সরকারের আমলে দমকল-পুলিশ সমন্বয়ের কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ।