গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর কেটে গিয়েছে আড়াই মাস। এর মধ্যে বাজেট অধিবেশনের দু’টি পর্ব সম্পন্ন হয়েছে। কিন্তু এখনও বিধানসভার সব কমিটি গঠন করা হয়নি। ফলে যেমন বিধানসভার কিছু গুরুত্বপূর্ণ কাজকর্মে প্রভাব পড়ছে বলে মনে করছেন বিধায়কদের একাংশ, তেমনই কমিটির বৈঠকে যোগ দিয়ে প্রাপ্য দৈনিক ভাতা থেকেও বঞ্চিত হচ্ছেন বিধায়কেরা। এই নিয়ে শাসক ও বিরোধী—দুই শিবিরের বিধায়কদের মধ্যেই ক্ষোভ তৈরি হয়েছে।
বিধানসভার স্থায়ী কমিটি-সহ মোট ৪১টি কমিটি রয়েছে। এই কমিটিগুলিতে শাসক ও বিরোধী দলের বিধায়কদের সমন্বয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সরকারের বিভিন্ন নীতি নির্ধারণের ক্ষেত্রে বিধায়কদের মতামত গ্রহণ, প্রশাসনিক কাজকর্মের পর্যালোচনা এবং কোনও আর্থিক তছরুপ বা বেনিয়মের অভিযোগ সামনে এলে, তা সরকারের নজরে আনার ক্ষেত্রে এই কমিটিগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে এতদিন পরেও কমিটি গঠন না হওয়ায় বিধানসভার স্বাভাবিক কাজকর্ম নিয়েও প্রশ্ন তুলছেন বিরোধী বিধায়কদের একাংশ।