প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। দায়ের হয়েছে জিরো এফআইআর। সেই মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন তিনি। একটি ভিডিওয় অভিযুক্ত তরুণী জানিয়েছেন, গোটা দেশের কাছে তিনি ক্ষমাপ্রার্থী। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি খবর বাংলা সংবাদ।
ভিডিওয় তাঁকে হাতজোড় করে বলতে শোনা গিয়েছে, ”আমি ওদের দ্বারা (আন্দোলনকারী) প্রভাবিত হয়ে পড়েছিলাম। আমার বয়স মাত্র ১৫ বছর। আমি যা করেছি তা ক্ষমার যোগ্যই নয়। অনেক খারাপ কথা বলে ফেলেছি।” এটাই তাঁর জীবনের প্রথম ও শেষ ভুল বলে উল্লেখ করে তরুণী জানাচ্ছেন, ”আমি গোটা দেশের কাছে ক্ষমা চাইছি। আমি লজ্জিত। নিজের দিকে তাকাতে পারছি না। দয়া করে আমাকে ক্ষমা করুন।” উল্লেখ্য, নিজেকে পনেরোর কিশোরী বলে উল্লেখ করলেও তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরে তাঁর বয়স ২৫ বছর বলে দাবি করা হয়েছে। এক সংবাদমাধ্যম সূত্রে এটাই জানা যাচ্ছে।