ফের ঘনাচ্ছে দুর্যোগ? ১৬ জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর।
বুধবার সকাল থেকে আকাশের মুখ ভার। মাঝে-মধ্যে রোদের দেখা মিললেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতার আকাশে কালো মেঘ।দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে কোথাও কোথাও দমকা বাতাস বইবে। যার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে।উইকেন্ডেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি আবহাওয়া দফতরের। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি এবং বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা।দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে। উইকেন্ডে অবশ্য বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গে।
আনুষ্ঠানিক ভাবে এখনও পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নেয়নি। বরং বঙ্গোপসাগরের উপর নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল। তার প্রভাবে বৃষ্টি বেড়েছে গত কয়েকদিন।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের কিছু জেলায় বুধবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে। ভিজবে উত্তরবঙ্গও।আগামী দু-তিন দিনে মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা নেই আবহাওয়া দফতরের।