আগামীকাল থেকে বাড়বে দুর্যোগ, অগাস্টের শেষে হলুদ সতর্কতা গোটা পশ্চিমবঙ্গে!


কলকাতা: বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। এর ফলে আজ ও আগামীকাল, কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৪ ঘণ্টায় পুরুলিয়ার একটি বা ২টি জায়গায় ভারি বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। কলকাতা, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পং-এ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আগামী কয়েকটা দিন কেমন থাকবে আবহাওয়া?

আগামীকাল উত্তর ও দক্ষিণের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি থাকবে। পরশু থেকে বাড়বে বৃষ্টি, দুর্যোগ। বুধবার সকালে শহরের একাধিক জায়গায় দফায় দফায় বৃ্ষ্টিপাত হয়েছে। হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। তবে আগামীকাল থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। ২৯ অগাস্ট এবং ৩০ অগাস্ট, উত্তর থেকে দক্ষিণ গোটা বাংলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে এরপরে ধীরে ধীরে কমবে বৃষ্টিপাত। সেপ্টেম্বর মাসের শুরুর দিকে, গোটা পশ্চিমবঙ্গে নতুন করে কোনও ভারি দুর্যোগের সম্ভাবনা নেই। আগামী মাস থেকে কমে যাবে বৃষ্টি, তবে দাবদাহ না হলেও, আর্দ্রতাজনিত অস্বস্তি এখনই কমার কোনও সম্ভাবনা নেই। 

উত্তরবঙ্গের দিকে চোখ রাখলে দেখা যাবে, ২৮ অগাস্ট থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি - এই তিন জেলার দু-এক জায়গায়। জারি রয়েছে হলুদ সতর্কতা। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ২৯ অগস্ট দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার - উত্তরবঙ্গের উপরের দিকের এই ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে হলুদ সতর্কতা।  বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সম্ভাবনা থাকায় অপ্রয়োজনীয়ভাবে খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে ঝড়ের সময় গাছ, বিদ্যুতের খুঁটি বা দুর্বল কাঠামোর নিচে না দাঁড়ানোই ভাল। যাঁদের জরুরি কাজে বাইরে বেরোতে হবে, তাঁদের সঙ্গে ছাতা রাখতে হবে।

Post a Comment

Previous Post Next Post