বাঁকুড়া: তারাপীঠ ও কলকাতার হোটেলে পরপর অগ্নিকাণ্ডের ঘটনা। আর সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার তৎপর জয়রামবাটির প্রশাসন। জয়রামবাটির হোটেল ও লজগুলোর অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখল প্রশাসন। দমকল, পুলিশ, ব্লক প্রশাসন ও বিদ্যুৎ দফতরের আধিকারিকেরা যৌথভাবে একের পর এক হোটেলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন।
রাজ্যের অন্যতম ধর্মীয় পর্যটনকেন্দ্র জয়রামবাটি। মা সারদার জন্মভূমিতে সারা বছর দেশ, বিদেশ থেকে বহু পুণ্যার্থী ও ভক্তের যাওয়া আসা করেন। তাঁদের থাকার জন্য এলাকায় গড়ে উঠেছে একের পর এক হোটেল ও লজ। তবে অভিযোগ, অজ্ঞতা হোক বা অবহেলা, অধিকাংশ হোটেল ও লজে সঠিক অগ্নি নির্বাপণ ব্যবস্থা নেই।
সম্প্রতি তারাপীঠ ও কলকাতার হোটেলে পরপর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর তারপরই জয়রামবাটির হোটেলগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়। সেই মতো দমকল, কোতুলপুর থানার পুলিশ, কোতুলপুর ব্লকের প্রশাসনিক আধিকারিক ও বিদ্যুৎ দফতরের আধিকারিকেরা যৌথভাবে হোটেলগুলিতে পরিদর্শনে যান।
পরিদর্শনের সময় হোটেলগুলির সামগ্রিক পরিকাঠামো খতিয়ে দেখেন আধিকারিকেরা। পাশাপাশি, আপৎকালীন পরিস্থিতিতে অগ্নি নির্বাপণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয় হোটেল কর্তৃপক্ষকে। আধিকারিকেরা স্পষ্টভাবে জানান, এরপরেও যদি কোনও হোটেলে অগ্নি নির্বাপণ ব্যবস্থায় গাফিলতি দেখা যায়, তাহলে আগামী দিনে সেই হোটেলগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।