রবিবার সকাল ৯টার পরই ডেরেকের প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে পৌঁছন শেক্সপিয়র সরণি থানার আধিকারিকরা। কয়েকবার ডাকাডাকির পর ডেরেকের এক প্রতিনিধি বেরিয়ে আসেন। তাঁর হাতেই ডেরেককে সমনের নোটিস দেন আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যামাক স্ট্রিটে পুলিশ ও পুরসভার আধিকারিকদের সঙ্গে ধস্তাধস্তি। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডেরেককে তলব করা হয়েছে। সোমবার তাঁকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার সময় উপস্থিত ছিলেন ডেরেক।
গত বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে বিলবোর্ড খোলা নিয়ে ‘ধুন্ধুমার’ পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় তিনটি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। এফআইআরে নাম রয়েছে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের। সেই ঘটনায় তাঁকে তলব করেছে শেক্সপিয়র সরণি থানা। শনিবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছে যান শেক্সপিয়র থানার পুলিশ আধিকারিকরা। দেওয়া হয় সমনের নোটিস। জানা গিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর বেলা ১২ টা নাগাদ শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অভিষেককে।