‘একঘরে করে দেওয়া হয়েছিল’, নতুন দলে যোগদান পাঞ্জাব কিংসের তারকা অলরাউন্ডারের


কঠিন সময়ে তাঁর পাশে থাকেনি কেউ। ‘শুধু IPL-এ খেলতে চায়’, এমন দাবিও করা হয়েছে তাঁকে নিয়ে। এ বার বড় সিদ্ধান্ত নিলেন পাঞ্জাব কিংসের তারকা অলরাউন্ডার শশাঙ্ক সিং। নতুন মরশুম শুরুর আগেই দলবদল করে ফেললেন তিনি। ঘরোয়া ক্রিকেটে আর ছত্তিশগড়ের হয়ে খেলবেন না এই অলরাউন্ডার। ২০২৬-২৭ মরশুম থেকে পুদুচেরির হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলতে দেখা যাবে শশাঙ্ককে। ইতিমধ্যেই ছত্তিশগড় রাজ্য ক্রিকেট সংস্থার থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (NOC) নিয়ে নিয়েছেন ৩৪ বছরের এই ক্রিকেটার। কী জানালেন এই নিয়ে?

ঘরোয়া ক্রিকেটে দলবদল শশাঙ্কের
‘টাইমস অফ ইন্ডিয়া’-কে দেওয়া সাক্ষাৎকারে শশাঙ্ক এই খবর নিশ্চিত করেন। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি ছত্তিশগড় ছাড়ছি। NOC নিয়েছি এবং ২০২৬-২৭ মরশুম থেকে পুদুচেরির হয়ে খেলব। গত মরশুমে আমি কাঁধ ও আঙুলে গুরুতর চোট পেয়েছিলাম। সেই কঠিন সময়ে ছত্তিশগড় ক্রিকেট সংস্থা আমার পাশে দাঁড়ায়নি।’

শুধু তাই নয়, চোট সারিয়ে ফেরার পরেও তাঁকে উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ করেন শশাঙ্ক। তাঁর দাবি, ছত্তিশগড় ক্রিকেট প্রিমিয়ার লিগের (CCPL) ক্রিকেটারদের তালিকায় তাঁর নাম রাখা হয়নি। এমনকী বেঙ্গালুরুতে প্রাক-মরশুম প্রস্তুতি শিবিরের দলেও জায়গা হয়নি তাঁর। তবে কেন তাঁর নাম বাদ দেওয়া হয়েছে, সেটা জানতে চাইলেও কোনও উত্তর পাননি বলে জানালেন শশাঙ্ক।

Post a Comment

Previous Post Next Post