বালোচিস্তানে হামলা পাক সেনার! কোয়েটায় পুলিশের হাত থেকেই অস্ত্র ছিনিয়ে নিল বিদ্রোহীরা


পাকিস্তানের অশান্ত বালোচিস্তান প্রদেশে ফের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠল। সোমবার কোয়েটার কাম্বারানি রোড এলাকায় পুলিশের বিশেষ টহলদারি বাহিনী ‘ঈগল স্কোয়াড’-এর সদস্যদের আটকে তাঁদের কাছ থেকে অস্ত্র নিয়ে পালানোর অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় সশস্ত্র হামলাকারীদের বিরুদ্ধে। প্রাথমিক খবর অনুযায়ী, হামলাকারীরা কিছু সময়ের জন্য পুলিশকর্মীদের নিয়ন্ত্রণে নিয়ে তাঁদের অস্ত্র কেড়ে নেয় এবং পরে এলাকা ছেড়ে পালিয়ে যায়।
ঘটনার পর থেকেই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হামলাকারীদের পরিচয় এবং তাঁদের উদ্দেশ্য সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি। ফলে ঘটনাটির সঙ্গে বালোচ বিচ্ছিন্নতাবাদী কোনও গোষ্ঠীর সরাসরি যোগ রয়েছে কি না, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না।
বালোচিস্তানে গত কয়েক মাস ধরেই নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। চলতি বছরের গোড়ায় বালোচিস্তানের একাধিক শহরে সমন্বিত হামলার ঘটনায় পুলিশ, নিরাপত্তা বাহিনী এবং সরকারি পরিকাঠামোকে নিশানা করা হয়েছিল। সেই হামলার দায় বালোচিস্তান লিবারেশন আর্মি (BLA) দাবি করেছিল। পাকিস্তানি নিরাপত্তা বাহিনীও পাল্টা অভিযান চালায়।
জুন মাসেও কোয়েটার পার্শ্ববর্তী পিশিন ও কিলা আবদুল্লাহ জেলায় সশস্ত্র হামলাকারীরা পুলিশ স্টেশন ও নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়ে পুলিশকর্মীদের কাছ থেকে অস্ত্র ও সরকারি গাড়ি নিয়ে পালানোর ঘটনা ঘটেছিল। সেই সময় সরকারি স্থাপনাতেও হামলা চালানো হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে।
ফলে কোয়েটায় সাম্প্রতিক এই ঘটনা বালোচিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে পুলিশের টহলদারি বাহিনীর কাছ থেকেই অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

Post a Comment

Previous Post Next Post