জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট, তবে রিপোর্ট প্রকাশে নিষেধাজ্ঞা


ইসলামাবাদ: জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের মধ্যেই বড় নির্দেশ দিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট। ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সেখানে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা ও বিশেষজ্ঞদের মাধ্যমে স্বাস্থ্যপরীক্ষা করা হবে।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর তরফে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই ইমরানের পরিবার ও আইনজীবীরা তাঁর স্বাস্থ্যের অবনতির কথা তুলে ধরে হাসপাতালে স্থানান্তরের দাবি জানিয়ে আসছিলেন। ৭৩ বছরের ইমরান ২০২৩ সালের অগস্ট থেকে জেলে রয়েছেন। তাঁর আইনজীবীদের দাবি, বন্দি অবস্থায় তাঁর দৃষ্টিশক্তিরও উল্লেখযোগ্য অবনতি হয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, শিফা হাসপাতালে ইমরানের চিকিৎসার জন্য বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হবে। তাঁর ব্যক্তিগত চিকিৎসক এবং বোন উজমা খানকেও সেই চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। পাশাপাশি, পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
তবে ইমরানের চিকিৎসা সংক্রান্ত গোপনীয় নথি বা মেডিক্যাল রিপোর্ট প্রকাশ্যে আনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। তাঁর স্বাস্থ্য নিয়ে পাওয়া রিপোর্ট প্রকাশ বা বিষয়টি রাজনৈতিকভাবে ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলিকে সতর্ক করা হয়েছে। আদালত ইমরানের সম্পূর্ণ মেডিক্যাল ইতিহাসও সরকারের কাছে চেয়েছে।
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ নতুন নয়। চলতি বছর তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি ব্যাপকভাবে কমে যাওয়ার কথা আদালতে উঠে এসেছিল। তাঁর পরিবার ও দলের তরফে জেলবন্দি অবস্থায় পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ার অভিযোগও করা হয়েছে।
সুপ্রিম কোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়েছে ইমরানের দল পিটিআই। দলের বক্তব্য, আরও আগেই তাঁকে হাসপাতালে পাঠানো হলে তাঁর শারীরিক অবস্থার এতটা অবনতি নাও হতে পারত। এখন শিফা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসার মাধ্যমে তাঁর স্বাস্থ্যের বিস্তারিত মূল্যায়নের দিকেই নজর থাকবে।

Post a Comment

Previous Post Next Post