স্থানীয় সূত্রে খবর, কিছুদিন আগেই সুমিত্রার স্বামী কৃষ্ণেন্দু দাস একটি গাড়ি কিনেছিলেন। সেই গাড়ি চালিয়েই আগামী ২২ অগস্ট ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দেওয়ার কথা ছিল সুমিত্রার। বুধবার সকালে স্কুটিতে চড়ে মেয়েকে স্কুলে দিয়ে আসেন তিনি। এরপরে বাড়ি ফিরে স্কুটি রেখে গ্যারেজ থেকে গাড়িটি বের করে নিয়ে আসেন।
এরপরেই ঘটে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি-সহ পুকুরে পড়ে যান ওই মহিলা। প্রচণ্ড গতিতে থাকার কারণে গাড়িটি পুকুরের মাঝে গিয়ে পড়ে। কোনও রকমে গাড়ি থেকে বেরিয়ে প্রাণরক্ষা করার ব্যর্থ চেষ্টাও করেন তিনি। তবে, শেষরক্ষা হয়নি। জলে ডুবে, গাড়ির কেবিনের মধ্যেই মৃত্যু হয় তাঁর।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং দমকল বাহিনী। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দেহটি উদ্ধার করা হয়। জল থেকে টেনে তোলা হয় গাড়িটিকেও। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, গাড়ি চালানোর সময়ে ভুলবশত অ্যাক্সিলেটরে চাপ পড়ে গিয়েছিল। সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের জলে পড়ে যায় গাড়িটি। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।