পুলিশ জানিয়েছে, বুধবার রাতে পোস্তা এলাকার কটন স্ট্রিটে এই ঘটনা ঘটে। সেখানে এক গদির মালিকের অফিসে ডাকাতির অভিযোগ ওঠে। ওই গদির কর্মীদের অভিযোগ, আচমকাই গদিতে হাজির হয় চার যুবক। তাদের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। তাৎপর্যপূর্ণভাবে ওইদিনই গদিতে এক কোটিরও বেশি টাকা এসেছিল। তা রাখা ছিল সিন্দুকে। ওই কর্মীর কথায়, মুখে কাপড় বাঁধা অবস্থায় ডাকাতরা গদির মালিক ও কর্মচারীদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকায়। এর পর দু’জন সিন্দুক থেকে ১ কোটি ৩০ লাখ টাকা বের করে নেয়। ওই টাকা একটি ব্যাগে করে নিয়ে পালায় তারা। যাওয়ার সময় তারা গুলি চালানোর ভয় দেখিয়ে গদির মালিক ও কর্মচারীদের মুখ বন্ধ করে রাখতে বলে। তারা পালানোর সময়ই কর্মচারীরা চিৎকার করে তাদের পিছু নেয়। এদিকে এলাকার বাসিন্দারা জানান, চিৎকার চেঁচামেচিতে সবাই সতর্ক হয়ে যায়। ডাকাতদলকে ধরতে সবাই মিলে পিছু নেয়। একজনকে হাতেনাতে ধরেও ফেলা হয়। কিন্তু বাকিরা ছিনিয়ে নেয় তাকে।
গদির মালিকের দাবি, দুপুরে ডাকাতরা রেইকি করতে এসেছিল। রাতে ফের ডাকাতি করতে আসে তারাই। এই ডাকাতির পিছনে গদির কোনও পরিচিত ব্যক্তি রয়েছে কি না, তা জানতে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশ ওই গদিতে যায়। ওই গদি ও এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।