কলকাতায় বিজেপির প্রশিক্ষণ শিবির থেকে নিখোঁজ হয়ে গেল দলের সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশের একটি হলুদ ডায়েরি। গত ১৬ অগস্ট নিউ টাউন কনভেনশন সেন্টারে আয়োজিত ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাঅভিযান’-এর শিবিরে উপস্থিত ছিলেন শিবপ্রকাশ। সেখানেই তাঁর ডায়েরিটি হারিয়ে যায় বলে বিজেপি সূত্রে খবর। প্রায় দশ দিন পেরিয়ে গেলেও সেটির সন্ধান মেলেনি।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, ওই ডায়েরিতে দলের সাংগঠনিক নানা বিষয়, কর্মসূচি, গুরুত্বপূর্ণ আলোচনা, সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ পরিকল্পনা লিখে রাখতেন শিবপ্রকাশ। বিজেপি ও আরএসএসের পদাধিকারীদের কাছে ব্যক্তিগত ডায়েরিতে এই ধরনের তথ্য নথিবদ্ধ করে রাখার রীতি রয়েছে। ফলে শিবপ্রকাশের ডায়েরিতে শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের অন্যান্য রাজ্য এবং কেন্দ্রীয় স্তরের সাংগঠনিক বিষয়ও থাকার সম্ভাবনা রয়েছে।
এই কারণেই ডায়েরিটি নিখোঁজ হওয়ার ঘটনায় দলের অন্দরে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে কোনও কোনও সাংগঠনিক সিদ্ধান্ত প্রকাশ্যে ঘোষণার আগেই ডায়েরিতে নথিভুক্ত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা। সেটি অন্য কারও হাতে গেলে দলের অভ্যন্তরীণ পরিকল্পনা বা তথ্য প্রকাশ্যে চলে আসার সম্ভাবনা নিয়ে চিন্তা রয়েছে নেতৃত্বের একাংশের মধ্যে। তবে ডায়েরিতে ঠিক কী কী তথ্য ছিল, তার বিস্তারিত প্রকাশ্যে আসেনি।
ডায়েরিটি খুঁজতে নিউ টাউন কনভেনশন সেন্টারে তল্লাশি চালানো হয়েছে। শিবিরের পর সেখানে তিনটি ডায়েরি পাওয়া যায়, যার মধ্যে একটি হলুদ রঙের। কিন্তু বিজেপি সূত্রের দাবি, সেটি শিবপ্রকাশের ডায়েরি নয়। কারণ ওই ডায়েরিতে বাংলা ভাষায় লেখা রয়েছে এবং সেটি কোনও বাঙালি পদাধিকারীর বলে মনে করা হচ্ছে।
ঘটনাটি নিয়ে এখনও থানায় অভিযোগ দায়ের করা হয়নি বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। ফলে ডায়েরিটি নিছক ভুল করে অন্য কোথাও চলে গিয়েছে, নাকি অন্য কোনও কারণে সেটি নিখোঁজ—তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আপাতত দলের শীর্ষ নেতৃত্বের নজর ডায়েরিটি উদ্ধারের দিকেই।