নয়াদিল্লি: ভারতের দেখাদেখি এবার কি SIR হবে আমেরিকাতেও? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ঘিরে জল্পনা তুঙ্গে। ভারতের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তাঁদের কথা হয়েছে বলে জানালেন। আমেরিকাকে ‘বাঁচাতে’ এখনই পদক্ষেপ করা উচিত বলে মন্তব্য করলেন তিনি।
ভারতের ধাঁচে আমেরিকার নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার ইঙ্গিত দিলেন ট্রাম্প। SAVE America Act কার্যকর করার পক্ষে সওয়াল করলেন তিনি, যার আওতায় আমেরিকার নির্বাচনে ভোটার পরিচয়পত্র এবং নাগরিকত্বে কঠোর শর্ত আরোপের কথা বলা হয়েছে।
আর সেই প্রসঙ্গেই জ্ঞানেশ কুমারের নাম নিলেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে লিখলেন, ‘চলতি মাসের শুরুতে ভারতের মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেষ কুমার আমাদের সরকারকে প্রশ্ন করেন- বৈধ, সচিত্র ভোটার পরিচয়পত্র ছাড়া আমেরিকায় নির্বাচন হয় কেমন করে? ভারতের শেষ নির্বাচনে ৬৪ কোটি ৬০ লক্ষ ভোটার অংশ নেন! যার মধ্যে ১ শতাংশের কম ভোট পড়ে ইমেলে। প্রত্যেক ভোটারের সচিত্র ভোটারপত্র থাকা বাধ্য়তামূলক ছিল। আমাদের এখনই THE SAVE AMERICA ACT পাস করাতে হবে’।
ভারতে আমেরিকার রাষ্ট্রদূত সেরগিও গোরও ট্রাম্পের দাবিকে সমর্থন করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প একেবারে সঠিক দাবি করছেন! ভারতের শেষ নির্বাচনে ৬৪ কোটি ৬০ লক্ষ ভোটারের প্রত্যেককে সচিত্র পরিচয়পত্র দেখাতে হয়। কংগ্রেসের উচিত THE SAVE AMERICA ACT পাস করানো’।
আমেরিকায় The SAVE America Act পাস করাতে উদ্যোগী হয়েছে ট্রাম্প সরকার, যাতে নাগরিকত্বের পরিচয়পত্র হিসেবে পাসপোর্ট এবং জন্মের শংসাপত্রের উল্লেখ রয়েছে। সচিত্র পরিচয়পত্র-সহ নতুন করে ভোটারদের নাম নথিভুক্ত করার কথাও বলা হয়েছে প্রস্তাবে।