কসবার অ্যাক্রোপলিস মলে সিনেমা দেখতে গিয়ে শ্লীলতাহানি! মহিলার অভিযোগে গ্রেফতার ছয়, পুলিশের সঙ্গেও তর্কাতর্কি


স্বামী এবং বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন বাঁশদ্রোণীর এক চিকিৎসক। কিন্তু সিনেমা চলাকালীনই নাকি তাঁকে এবং তাঁর সঙ্গীদের উত্যক্ত করা শুরু হয়। অভিযোগ, একের পর এক অশালীন মন্তব্য এবং যৌন ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলতে থাকেন কয়েক জন। প্রতিবাদ করায় তাঁরা চড়াও হন বলেও অভিযোগ। শেষ পর্যন্ত ওই মহিলার অভিযোগের ভিত্তিতে ছ’জনকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ।
ঘটনাটি রবিবার সন্ধ্যার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বামী এবং কয়েক জন বন্ধুর সঙ্গে কসবার অ্যাক্রোপলিস মলে সিনেমা দেখতে গিয়েছিলেন ওই মহিলা। ‘সিনেপলিস’-এ সিনেমা চলাকালীন পাশেই থাকা ছ’জন তাঁকে এবং তাঁর সঙ্গীদের উদ্দেশে নানা ধরনের অশালীন মন্তব্য করতে থাকেন বলে অভিযোগ। পরিস্থিতির প্রতিবাদ করেন ওই চিকিৎসক এবং তাঁর স্বামী।
অভিযোগ, প্রতিবাদ করতেই ওই ছ’জন তাঁদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। এমনকি তাঁদের উপর চড়াও হওয়ারও চেষ্টা করা হয়। বিষয়টি নজরে আসতেই হল কর্তৃপক্ষ হস্তক্ষেপ করেন। তাঁরাই কসবা থানায় খবর দেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযুক্তদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলে পুলিশের সঙ্গেও তাঁরা তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। শুধু অভিযোগকারিণী এবং তাঁর সঙ্গীদের নয়, হলে উপস্থিত অন্যদের সঙ্গেও অভিযুক্তেরা অভব্য আচরণ করেন বলে পুলিশ সূত্রে দাবি।
এর পরেই ছ’জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। অভিযোগকারিণীর বয়ানের ভিত্তিতে তাঁদের গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কসবা থানার পুলিশ। সিনেমা হলের ভিতরে ঠিক কী ঘটেছিল, তা জানতে সিসিটিভি ফুটেজ-সহ অন্যান্য তথ্যও খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post