ভোরের অন্ধকার তখনও কাটেনি। ঘড়িতে ৫টা ২০ মিনিট। রবিবার মুম্বইয়ে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হল একটি উড়ালপুল। দ্রুতগতির একটি কালো BMW নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের রেলিং ভেঙে প্রায় ৭৫ ফুট নীচে গিয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় গাড়ির তিন আরোহীর মৃত্যু হয়েছে। তাঁদের বয়স ১৭ থেকে ২১ বছরের মধ্যে। তিন জনই গুজরাতের বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সনয় গুজ্জর (২১), আদিত্য জকাসানিয়া (১৯) এবং ধৈর্য শেঠ (১৭)। গাড়িতে থাকা চতুর্থ আরোহী আদিত্য ওসবাল গুরুতর জখম হয়েছেন। তিনি চালকের পাশের আসনে বসেছিলেন।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, BMW-টি চালাচ্ছিলেন সনয় গুজ্জর। গাড়িটি তাঁদের পরিবারের। দুর্ঘটনার সময় গাড়িটির গতি ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার ছিল বলে পুলিশ সূত্রে দাবি। অতিরিক্ত গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে উড়ালপুলের উপরে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে গাড়িটি। তার পর রেলিং ভেঙে শূন্যে দু’বার পাল্টি খেয়ে প্রায় ৭৫ ফুট নীচে আছড়ে পড়ে।
দুর্ঘটনার অভিঘাতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। ভিতরে আটকে পড়েন চার আরোহী। পরে উদ্ধারকারী দল তাঁদের বার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তিন জনকে মৃত ঘোষণা করা হয়। আহত আদিত্য ওসবালের চিকিৎসা চলছে।
দুর্ঘটনার একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় গাড়িটিকে উড়ালপুল থেকে নীচে পড়তে দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে। তবে ভিডিয়োটির সত্যতা স্বাধীন ভাবে যাচাই করেনি ‘খবর বাংলা সংবাদ’।