নাম বদলাচ্ছে ইএম বাইপাস, গার্ডেনরিচেরও? নামকরণ কমিটির চেয়ারম্যান কার্তিক মহারাজ যা জানালেন...


ইস্টার্ন মেট্রোপলিটন (ইএম) বাইপাস-সহ কলকাতার একাধিক রাস্তার নাম পাল্টাচ্ছে। এরমধ্যে উল্লেখযোগ্য গার্ডেনরিচ এলাকার একটি রাস্তাও। সেটি প্রায় ৪০ বছর আগে স্থানীয় দুষ্কৃতীদের হামলায় নিহত আইপিএস কর্তা বিনোদ মেহতার নামে করা হচ্ছে।
সোমবার কলকাতা পুরসভায় এই তথ্য জানিয়েছেন রাজ্য নামকরণ কমিটির চেয়ারম্যান কার্তিক মহারাজ। সোমবার মহারাজ জানান, কলকাতার ইএম বাইপাসের নাম বদলের প্রস্তাব এসেছে। তৃণমূলের আমলে ওই রাস্তার নামকরণ করা হয়েছিল বিশ্ব বাংলা সরণি। সংশ্লিষ্ট রাস্তার নাম শ্রীচৈতন্য মহাপ্রভু সরণি করার বিষয়ে নামকরণ কমিটি বিবেচনা করছে।

রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে অন্তত ১০০টি রাস্তার নাম বদলের প্রস্তাব জমা পড়েছে কমিটির কাছে। অনেক স্বাধীনতা সংগ্রামীর পরিবারের পক্ষ থেকেও রাস্তার নামকরণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। ওই তালিকায় ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকীর মতো স্বাধীনতা সংগ্রামীদের নামও রয়েছে।

এ দিন কার্তিক মহারাজ দক্ষিণ কলকাতার এক্সাইড মোড়ের কাছে সত্যজিৎ রায় ধরণী ছাড়াও লেনিন সরণি, কার্ল মার্ক্স সরণির নাম বদলেরও ইঙ্গিত দেন। তাঁর কথায়, ‘ভারতীয় সংস্কৃতিতে অবদান রয়েছে এমন বিখ্যাত ব্যক্তিদের নামে রাস্তার নামকরণ করার বিষয়ে অগ্রাধিকার দেবে কমিটি।’

সূত্রের খবর, রাজ্যের একটা বড় অংশের আইপিএস–রা পুরসভার নামকরণ কমিটির কাছে গার্ডেনরিচের একটি রাস্তার নাম প্রাক্তন ডিসি(পোর্ট) বিনোদ মেহতার নামে করার প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাব বিবেচনা করা হচ্ছে।

পুজোর পরে রাজ্যস্তরের নামকরণ কমিটি এবং কলকাতা পুরসভার নামকরণ কমিটির যৌথ বৈঠক হবে। সেখানে প্রস্তাবগুলি নিয়ে আলোচনা হবে। রাজ্যস্তরের কমিটিতে ১০ জন এবং কলকাতা পুরসভার নামকরণ কমিটিতে পাঁচ জন সদস্য রয়েছেন।

Post a Comment

Previous Post Next Post