খনি অঞ্চলে ফের ইডির হানা, পুলিশকে সঙ্গে নিয়ে অন্ডালে তল্লাশি ব্যবসায়ী তথা কংগ্রেস নেতার বাড়িতে


খনি অঞ্চলে ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তল্লাশি। বুধবার ভোরে অন্ডালের সিএল জামবাদ এলাকায় দিলীপ তুরি নামে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। ভোরবেলাতেই একাধিক গাড়িতে করে ইডির তদন্তকারী দল ওই ব্যবসায়ীর বাড়িতে পৌঁছয়। তাঁদের সঙ্গে ছিলেন কয়েক জন পুলিশ আধিকারিকও। সকাল থেকেই বাড়িটিকে ঘিরে শুরু হয় তল্লাশি।
স্থানীয় সূত্রে খবর, দিলীপ তুরি জাতীয় কংগ্রেসের স্থানীয় নেতা হিসাবেও পরিচিত। পাশাপাশি ‘আরকে এইচআইভি এইড কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার’ নামে একটি সমাজসেবী সংগঠনের সঙ্গেও তিনি যুক্ত। তবে তাঁর মূল ব্যবসা পরিবহণ সংক্রান্ত। ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)-এর বিভিন্ন কোলিয়ারি ও খনি এলাকায় অ্যাম্বুল্যান্স-সহ একাধিক গাড়ি ভাড়ায় চালানোর ব্যবসা রয়েছে তাঁর।
বুধবার সকাল থেকেই দিলীপের বাড়িতে ইডির আধিকারিকেরা বিভিন্ন নথি ও অন্যান্য সামগ্রী খতিয়ে দেখছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। যদিও ঠিক কোন মামলার সূত্র ধরে এই তল্লাশি অভিযান, তা এখনও স্পষ্ট নয়। তদন্তকারী সংস্থার তরফেও এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।
খনি অঞ্চলে এর আগেও একাধিক বার আর্থিক অনিয়ম এবং কয়লা সংক্রান্ত বিভিন্ন মামলার তদন্তে কেন্দ্রীয় সংস্থার তৎপরতা দেখা গিয়েছে। সেই আবহেই ফের অন্ডালে ইডির হানাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত শেষে কী তথ্য উঠে আসে এবং দিলীপ তুরির বিরুদ্ধে কোনও নির্দিষ্ট অভিযোগ রয়েছে কি না, সে দিকেই নজর রয়েছে।

Post a Comment

Previous Post Next Post