পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাতের আবহে ইরানকে সরাসরি আমেরিকার সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দিল চিন। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি বর্তমানে চিন সফরে রয়েছেন। বুধবার বেজিঙে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে তাঁর বৈঠক হয়। বৈঠকের পরেই পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমনের পাশাপাশি হরমুজ় প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার আহ্বান জানায় বেজিং।
বৈঠকের পর চিনের তরফে ইরান ও আমেরিকা—দুই পক্ষকেই যুক্তিপূর্ণ আচরণ এবং সর্বোচ্চ সংযম দেখানোর বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে ‘ইসলামাবাদ সমঝোতা’য় ফিরে গিয়ে বিতর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দিয়েছে বেজিং।
ওয়াং ই বলেন, হরমুজ় প্রণালী দ্রুত খুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা উচিত। চিনের বক্তব্য, আঞ্চলিক উত্তেজনা যাতে আরও ছড়িয়ে না পড়ে, সে দিকে সব পক্ষকেই নজর দিতে হবে। বিশেষ করে ইয়েমেন এবং লোহিত সাগর পর্যন্ত সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা নিয়েও ইরানকে সতর্ক করেছে চিন।