আজ বিধানসভায় আসছে পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয় প্রশাসন ও নিয়ন্ত্রণ (সংশোধন) বিল



কলকাতা: আজ বিধানসভায় (West Bengal Assembly session) বসতে চলেছে বিশেষ অধিবেশন। সকাল ১১টা থেকে দুপুর ১টা - মাত্র দু’ঘণ্টার এই বিশেষ অধিবেশনে বিধানসভার টেবিলে আসতে চলেছে ‘পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয় প্রশাসন ও নিয়ন্ত্রণ (সংশোধন) বিল ২০২৬’।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, 'উচ্চশিক্ষা দফতরের ঐতিহাসিক বিল আসতে চলেছে।' কী এই ‘পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয় প্রশাসন ও নিয়ন্ত্রণ (সংশোধন) বিল ২০২৬’? কী রয়েছে এতে?

এই বিল কার্যকর হলে যে কোনও রাজ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের, রাজ্যের যে কোনও জেলার যে কোনও বিশ্ববিদ্যালয়ে বদলি করা যাবে। এই সিদ্ধান্ত চালু করতে বৃহস্পতিবার রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে 'দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ় অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬' পেশ করবে রাজ্য সরকার।

বিধানসভায় বিজেপির সংখ্যার নিরিখে এই বিল পাস কার্যত সময়ের অপেক্ষা। রাজ্যপাল বিলে সাক্ষরের পরই তা আইনে পরিণত হবে। এরপরই যে কোনও রাজ্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষাকর্মীদের রাজ্যের যে কোনও জেলায় বদলি করা যাবে। এই নিয়ম এতদিন ছিল না!

বুধবার দক্ষিণ কলকাতার গোলপার্ক এলাকা থেকে শুরু হয় ‘গেরুয়া সম্মান যাত্রা’। যোগ দেন মুখ্যমন্ত্রী। মিছিল শেষ হয় যাদবপুর এইট বি বাসস্ট্যান্ডে। অত্য়ন্ত ইঙ্গিতপূর্ণভাবে সেখানেই সভামঞ্চে দাঁড়িয়ে এই প্রসঙ্গে মুখ খোলেন  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্য়মন্ত্রী বলেছেন, 'বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত বিধানসভার বিশেষ অধিবেশন বসছে। ইন্টার ইউনিভার্সিটি অধ্যাপক, শিক্ষাকর্মী ট্রান্সফারের নীতি চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। আগামীকাল বিধানসভায় আমি উচ্চশিক্ষা মন্ত্রী এবং পরিষদীয় মন্ত্রীকে বলেছি যে আমাকেও পনেরো কুড়ি মিনিট বলার সুযোগ দিতে।'

Post a Comment

Previous Post Next Post