বিকোচ্ছে নামী কোম্পানির নকল প্রসাধনী! দোকানদারদের নোটিস



ময়নাগুড়ি: পুজোর আগে ময়নাগুড়ি বাজার থেকে একটি নামী কোম্পানির নকল প্রসাধনী উদ্ধার করলেন আসল কোম্পানির আধিকারিকরা। ময়নাগুড়ি বাজারের থানা রোডের দুটি এবং বাজারের ভেতরে শনি মন্দির সংলগ্ন একটি, মোট তিনটি দোকান থেকে ওই প্রসাধনীগুলো উদ্ধার করা হয়। মাস খানেক আগে ওই নামী প্রসাধনী কোম্পানির কাছে কিছু লোক অভিযোগ করেন, যে তাদের প্রসাধনী ব্যবহার করে চর্মরোগ হচ্ছে।

সেই অভিযোগের ভিত্তিতে ওই কোম্পানির কয়েকজন আধিকারিক ময়নাগুড়ি বাজারের ওই প্রসাধনীর দোকানগুলি থেকে জিনিস কেনেন। সেগুলি নিয়ে গিয়ে মুম্বইয়ের একটি ল্যাবে টেস্ট করানো হয়। টেস্টে প্রসাধনীগুলি যে নকল, সেই রিপোর্ট আসে। এরপরই কোম্পানির পক্ষ থেকে মুম্বই হাইকোর্টে ওই রিপোর্ট পেশ করে মামলা করা হয়।

সেই রিপোর্ট দেখে মুম্বই হাইকোর্ট নির্দেশ দেয়, কোম্পানির তরফে ময়নাগুড়ি বাজারের ওই দোকানগুলিতে গিয়ে নকল প্রসাধনীর বিষয়টি খতিয়ে দেখতে পারে। কোর্টের নির্দেশ পেয়ে বুধবার কোম্পানির উকিল, আধিকারিকরা ময়নাগুড়ি থানার পুলিশকে সঙ্গে নিয়ে বাজারের ওই দোকানগুলিতে ফের হানা দেন। সেখান থেকে প্রায় চারশোর বেশি নকল পাউচ প্যাকেট উদ্ধার করেন। সেইসঙ্গে তিনটি দোকানের মালিককে তারা আইনি নোটিস দেন।

সেখানে বলা হয়, মালিকরা কোথা থেকে এই নকল প্রসাধনীগুলি কিনেছেন, কাদের থেকে কিনেছেন তার সমস্ত নথি নিয়ে মুম্বই হাইকোর্টে পেশ করতে হবে। এ বিষয়ে কোম্পানির আইনি পরমার্শদাতা দীপ্তনীল হাজরা বলেন,, 'নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্টে গিয়ে যেন দোকান মালিকরা হলফনামা দেন। অন্যথায় কোম্পানি তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে।' দোকান মালিকরা অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করেননি।


Post a Comment

Previous Post Next Post