কাঁকসার জঙ্গলে একসঙ্গে উদ্ধার চারটি মানুষের কঙ্কাল, ঘিরে রহস্য



কাঁকসার জঙ্গলে একসঙ্গে উদ্ধার চারটি মানুষের কঙ্কাল, ঘিরে রহস্য

কাঁকসার মলানদীঘ এলাকার জাঠগড়িয়া মোড় সংলগ্ন জঙ্গলের ভিতর থেকে একসঙ্গে চারটি মানুষের কঙ্কাল উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার এই ঘটনা প্রকাশ্যে আসার পর গোটা এলাকায় তৈরি হয়েছে রহস্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ জঙ্গলের বেশ কিছুটা ভিতরে গিয়ে চারটি কঙ্কাল পড়ে থাকতে দেখে। এরপর এলাকা ঘিরে ফেলে নির্দিষ্ট প্রক্রিয়া মেনে কঙ্কালগুলি উদ্ধার করা হয়। ঘটনাস্থল খতিয়ে দেখার পাশাপাশি আশপাশের এলাকাতেও তল্লাশি চালানো হয়।

কঙ্কাল উদ্ধারের জায়গার পাশেই একটি গাছ থেকে চারটি দড়ি ঝুলতে দেখা যায়। এছাড়াও গাছের গোড়া থেকে একটি লাইলনের ব্যাগ উদ্ধার হয়েছে। ওই ব্যাগ থেকে পাওয়া সূত্রের ভিত্তিতে কঙ্কালগুলির পরিচয় জানার চেষ্টা শুরু করেছে পুলিশ। কঙ্কালের আকার দেখে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, চারজনের মধ্যে একজন শিশু থাকতে পারে।

তবে কঙ্কালগুলি কোথা থেকে এল, তাঁদের কীভাবে মৃত্যু হয়েছে এবং কতদিন আগে তাঁদের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার সঙ্গে কোনও অপরাধের যোগ রয়েছে কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখছে পুলিশ।

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার রাসপ্রিত সিং জানান, চারটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে এবং প্রাথমিকভাবে সেগুলি মানুষের কঙ্কাল বলে চিহ্নিত হয়েছে। ফরেনসিক বিভাগের আধিকারিকরা কঙ্কালগুলি উদ্ধার করেছেন। ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর কঙ্কালগুলি কার এবং কোনও নির্দিষ্ট নিখোঁজ ব্যক্তির সঙ্গে তাঁদের যোগসূত্র রয়েছে কি না, তা জানা যাবে। কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।

উদ্ধার হওয়া কঙ্কালগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে এলে মৃত্যুর আনুমানিক সময়, পরিচয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে তদন্তকারীরা মনে করছেন। একসঙ্গে চারটি কঙ্কাল উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় রহস্য ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Post a Comment

Previous Post Next Post