প্রবল বৃষ্টিতে ফের বালাসন নদীর জলের তোড়ে ক্ষতিগ্রস্ত হল দুধিয়ার হিউম পাইপের সেতু। বৃহস্পতিবার রাত থেকে পাহাড় ও সমতলে ঝড়-বৃষ্টির জেরে বালাসন, তিস্তা ও মহানন্দার জলস্তর দ্রুত বাড়তে থাকে। এরই মধ্যে বালাসনের উপর নির্মিত দুধিয়া সেতুর একাংশ জলের তোড়ে ভেসে যায়।
সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সমতলের সঙ্গে মিরিকের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বর্তমানে মিরিকে যেতে হলে ঘুম ও সুখিয়াপোখরি হয়ে ঘুরপথ ব্যবহার করতে হচ্ছে।
গত বছরের অক্টোবরেও প্রবল বৃষ্টিতে পাহাড়জুড়ে ব্যাপক বিপর্যয় নেমে এসেছিল। সেই সময় বালাসনের জলের তোড়ে দুধিয়ার প্রধান সেতুর তিন নম্বর পিলার ক্ষতিগ্রস্ত হয়। এরপর তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দ্রুত ১৩২টি হিউম পাইপ ব্যবহার করে বালাসনের উপর ৪৬৮ মিটার দীর্ঘ একটি বিকল্প সেতু তৈরি করা হয়েছিল। ফের সেই বিকল্প সেতুই জলের তোড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় নতুন করে যোগাযোগ সমস্যায় পড়লেন স্থানীয় বাসিন্দারা।