মামলার জটে মাহেশে তৃণমূলের কর্মসূচি নিয়ে জটিলতা কাটল না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শ্রীরামপুরের মাহেশে শুক্রবার কর্মসূচির পরিকল্পনা করেছিল কালীঘাট তৃণমূল। সেই কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশি অনুমতি নিয়ে তৈরি হওয়া মামলা গড়ায় কলকাতা হাই কোর্টে।
শুক্রবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ মামলাটি ফের একক বেঞ্চে পাঠিয়ে দেয়। একই সঙ্গে দ্রুত মামলাটির নিষ্পত্তি করার জন্য একক বেঞ্চকে অনুরোধ করেন প্রধান বিচারপতি।
কালীঘাট তৃণমূলের পরিকল্পনা ছিল প্রথমে মাহেশে মিছিল এবং পরে সভা করা। কর্মসূচিতে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু পুলিশি অনুমতি নিয়ে জটিলতা তৈরি হওয়ায় বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
এর আগে বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে সভা করার অনুমতি দিয়েছিল। সেই নির্দেশকে ঘিরে পরবর্তী আইনি জটিলতার মধ্যেই শুক্রবার মামলাটি ফের একক বেঞ্চে ফিরে গেল।