শিক্ষক দিবসের মঞ্চ থেকে রাজ্যের শিক্ষা পরিকাঠামোয় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার নিউ টাউন কনভেনশন সেন্টারে শিক্ষক দিবস উপলক্ষে সরকারি অনুষ্ঠানে রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির সার্বিক উন্নয়নের লক্ষ্যে তিনি ‘সিএম শ্রী’ প্রকল্পের ঘোষণা করেন। জানান, স্কুলকে আরও আধুনিক ও আন্তর্জাতিক মানের গড়ে তোলাই এই প্রকল্পের উদ্দেশ্য। সেই সঙ্গে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্বস্তি দিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা, বকেয়া মহার্ঘ ভাতাও মিটিয়ে দেওয়া হবে।
‘সিএম শ্রী’ প্রকল্পের অধীনে প্রথম ধাপে প্রতিটি জেলায় অন্তত দু’টি করে ‘সিএম শ্রী’ স্কুল হবে। সেখানে অত্যাধুনিক সায়েন্স ল্যাবরেটরি, স্মার্ট ও ডিজিটাল ক্লাসরুম, উন্নত লাইব্রেরি এবং খেলাধুলার উপযুক্ত পরিকাঠামো তৈরি করা হবে। একুশ শতকের প্রতিযোগিতামূলক আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে ছাত্রছাত্রীদের পরিচিত করতে এবং তাদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য এই স্কুলগুলি মডেল হিসেবে কাজ করবে। এর আগে দেশজুড়ে ‘পিএম শ্রী’ স্কুল তৈরি করা হয়। সরকার বদলের পর এ রাজ্যের শিক্ষা দপ্তরও ‘পিএম শ্রী’ স্কুলের সঙ্গে যুক্ত হয়েছে। এ বার ‘পিএম শ্রী’–র পাশাপাশি থাকবে ‘সিএম-শ্রী’ স্কুলও।