পড়ুয়াদের মোবাইল ব্যবহারে রাশ টানতে উদ্যোগ মুখ্যমন্ত্রীর



ছাত্রছাত্রীদের মধ্যে মোবাইল ফোনের আসক্তির প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বিষয়ে সচেতনতার বার্তা দিতে তিনি বেছে নিলেন শনিবার নিউ টাউনে কনভেনশন সেন্টারের শিক্ষক দিবস পালনের মঞ্চকেই। তাঁর মতে, মোবাইলের প্রতি মাত্রাতিরিক্ত আসক্তি বর্তমানে ছাত্রছাত্রীদের পড়াশোনা, ঘুম, মানসিক বিকাশ এবং ভবিষ্যৎ জীবনের উপরে নেতিবাচক প্রভাব ফেলছে। এই সমস্যার মোকাবিলায় প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি। বাক্য সম্পূর্ণ না–করে তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘এর জন্য ভোট কমতে পারে। কিন্তু….!’

‘বিদ্যাসাগর শিক্ষা সম্মান ২০২৬’ প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, ‘এখন অনেক পড়ুয়াই অভিভাবকদের নজর এড়িয়ে রাত পর্যন্ত মোবাইল ব্যবহার করছে। অনেক ক্ষেত্রে রাত দেড়টা-দুটোর আগে তারা ঘুমোতে যাচ্ছে না। এর ফলে পর্যাপ্ত ঘুম হচ্ছে না, পরের দিন পড়াশোনায় মনোযোগ কমছে এবং দীর্ঘমেয়াদে তাদের স্বাভাবিক মানসিক বিকাশও বাধাপ্রাপ্ত হচ্ছে।’

মোবাইল ব্যবহারে নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুজরাটের উদাহরণও তুলে ধরেন তিনি। তাঁর সংযোজন, ‘সেখানে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের হাতে মোবাইল ফোন দেওয়া হয় না অথবা ব্যবহারের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ রয়েছে।’ এ রাজ্যেও মোবাইল আসক্তির সমস্যা নিয়ে নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি।

তবে এই আবহে শিশু–কিশোরদের মধ্যে মোবাইল আসক্তির সমাধান শুধুমাত্র সরকারের হাতে নয় বলে এ দিন ইঙ্গিত দেন শুভেন্দু। তাঁর মতে, অভিভাবক, শিক্ষক এবং সমাজের প্রত্যেক স্তরকে এই বিষয়ে সচেতন হতে হবে। তা না হলে শিক্ষক দিবসের মতো একটি গুরুত্বপূর্ণ দিন পালনের প্রকৃত উদ্দেশ্যও ধীরে ধীরে গুরুত্ব হারাবে।

Post a Comment

Previous Post Next Post