তোলাবাজি, হুমকি, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ! বসিরহাটে গ্রেফতার বিজেপি কর্মী


অভিযোগ তোলাবাজি, হুমকি এবং সরকারি কাজে বাধা দেওয়ার। তার জেরেই উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে গ্রেফতার করা হল এক বিজেপি কর্মীকে। ধৃতের বিরুদ্ধে প্রশাসনিক আধিকারিকদের বদলির হুঁশিয়ারি দেওয়ার অভিযোগও উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সঞ্জয় দায়। স্বরূপনগরের মালঙ্গপাড়ার দাসপাড়ার বাসিন্দা তিনি। স্থানীয়দের দাবি, রাজনৈতিক পালাবদলের পর থেকেই এলাকায় প্রভাব বিস্তার করতে শুরু করেন সঞ্জয়। নিজেকে বিজেপি নেতা হিসেবে পরিচয় দিয়ে তোলাবাজি, হুমকি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এমনকি প্রশাসনিক আধিকারিকদের বদলি করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হত বলে অভিযোগ।
সঞ্জয়ের বিরুদ্ধে স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়। রবিবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হবে।
যদিও সঞ্জয়কে বিজেপি নেতা মানতে নারাজ স্থানীয় দলীয় নেতৃত্ব। স্বরূপনগরের বিজেপি নেতা বৃন্দাবন দাস জানান, সঞ্জয় তাঁদের দলের কর্মী। তবে তিনি নেতা নন। পুলিশ তদন্তের প্রয়োজনে যা করার করবে এবং এই ঘটনায় বিজেপি কোনও ভাবেই হস্তক্ষেপ করবে না বলেও জানিয়েছেন তিনি।

Post a Comment

Previous Post Next Post