মেয়েদের পর এ বার ছেলেদের হকিতেও দাপট দেখাল ভারত। এশিয়ান গেমসের প্রথম ম্যাচেই ইন্দোনেশিয়াকে ১৩-১ গোলে হারাল গত বারের সোনাজয়ী দল। অন্য দিকে, মহিলাদের দলগত ব্যাডমিন্টনে কাজ়াখস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল ভারত। মিক্সড মার্শাল আর্টে প্রথম বার অংশ নিয়েই পদক নিশ্চিত করেছেন সুচিকা।
মেয়েদের দলের ১৯ গোলের পর ছেলেদের হকিতেও বড় জয় দিয়ে অভিযান শুরু করলেন হরমনপ্রীত সিংহেরা। প্রথম দিকে ইন্দোনেশিয়ার রক্ষণ কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও ৬ মিনিটে শিলানন্দ লাকরা প্রথম গোল করার পর আর ভারতকে আটকাতে পারেনি তারা। প্রথমার্ধেই ৭-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয় ১৩-১ গোলে।
ভারতের হয়ে সবচেয়ে বেশি চারটি গোল করেন দিলপ্রীত সিংহ। শিলানন্দ লাকরা এবং সুখজিৎ সিংহ করেন দু’টি করে গোল। হরমনপ্রীত সিংহ, অভিষেক, রাজিন্দর সিংহ, যুগরাজ সিংহ এবং মনদীপ সিংহ একটি করে গোল করেন। ভারতের ১৩টি গোলের মধ্যে তিনটি আসে পেনাল্টি কর্নার থেকে। ইন্দোনেশিয়ার হয়ে একমাত্র গোলটি করেন অলিয়া আল আর্ধ।
অন্য দিকে, মহিলাদের দলগত ব্যাডমিন্টনের প্রিকোয়ার্টার ফাইনালে কাজ়াখস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ভারত। প্রথম ম্যাচে পিভি সিন্ধু ২১-৭, ২১-৯ ব্যবধানে কামিলা স্মাগুলোভাকে হারান। দ্বিতীয় ম্যাচে উন্নতি হুডা ২১-৭, ২১-১০ ব্যবধানে হারান অ্যালিসা কুলেশোভাকে। তৃতীয় ম্যাচে তানভি শর্মা ২১-৫, ২১-১০ ব্যবধানে হারিয়েছেন ডায়ানা নামেনোভাকে। প্রথম তিনটি সিঙ্গলসেই জয় চলে আসায় ডাবলসের ম্যাচ আর খেলতে হয়নি।
এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে উঠেছে ভারত। শেষ আটে সিন্ধুদের সামনে শক্তিশালী জাপান।
এ দিকে মিক্সড মার্শাল আর্টে এশিয়ান গেমসে প্রথম বার অংশ নিয়েই পদক নিশ্চিত করেছেন ভারতের সুচিকা। ফলে হকি ও ব্যাডমিন্টনের পাশাপাশি আরও একটি ইভেন্টে পদকের আশা তৈরি হয়েছে ভারতের।