নাম-প্রতীক হারিয়ে সুপ্রিম কোর্টে মমতা, কী বলল দেশের শীর্ষ আদালত?



দলের নাম-প্রতীক হারিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার মেনশনিং ছিল। দ্রুত শুনানির আর্জি জানানো হয়। প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘আমরা চেষ্টা করব এই সপ্তাহে শুনানি করার।’ গত শুক্রবার কালীঘাটের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশনকে এক হাত নেন মমতা। তিনি এই সিদ্ধান্তকে, ‘অগণতান্ত্রিক, রাজনৈতিক পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত’ বলে দাবি করেন। সে দিনই প্রতীক বিতর্ক নিয়ে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হন।

আদালতে সওয়াল করেন কপিল সিবাল

মমতার হয়ে এ দিন আদালতে সওয়াল করেন আইনজীবী কপিল সিবাল। তিনি আদালতে জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে এই মামলা করা হয়েছে। দলের প্রতীক ফ্রিজ় করে দেওয়া হয়েছে, অথচ তার আগে ভোটের নোটিফিকেশন জারি করা হয়েছে। সিবাল সওয়াল করেন, ‘কী সব চলছে দেখুন। দলের তরফে আগেই বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। তার পরেও প্রতীক ফ্রিজ় করা হয়েছে। দ্রুত এই মামলার শুনানি করা হোক।’

প্রধান বিচারপতি জানান, চলতি সপ্তাহেই শুনানির চেষ্টা করা হবে। শুনানির সময়েই তিনি যেন সওয়াল করেন। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। তার আগে গত ১৭ সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেসের প্রতীক ফ্রিজ় করেছে নির্বাচন কমিশন। যদিও তা অন্তর্বর্তী নির্দেশ।

তবে কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এই উপনির্বাচনে জোড়াফুল প্রতীক পাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কোনও শিবিরই। অর্থাৎ, ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নামটি উপনির্বাচনে কোনও শিবিরই ব্যবহার করতে পারবে না। ঘাসের উপরে জোড়াফুল প্রতীকও কোনও শিবির ব্যবহার করতে পারবে না।

আপাতত মমতার তৃণমূলের নাম মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। যার প্রতীক খেলোয়াড়। ঋতব্রতদের দলের নাম ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস, প্রতীক খাম। এ দিকে দলের নাম-নিশান খুইয়ে গত শুক্রবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মমতা।

Post a Comment

Previous Post Next Post