সুমিত গ্রেপ্তার হওয়ার পরে থেকেই বন্ধ শ্বশুরবাড়ির দরজা



শ্রীরামপুর: আদালত রক্ষাকবচ তুলে নিতেই পুলিশের হাতে গ্রেপ্তার হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। বৃহস্পতিবার বিকেলে তাঁর গ্রেপ্তারির খবর সামনে আসতেই ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে শ্রীরামপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ লেনে অবস্থিত সুমিতের শ্বশুরবাড়ি। সুমিত গ্রেপ্তার হয়েছে শুনে অনেকেই সেখানে ভিড় করতে শুরু করেন। হাজির হয়ে যান সংবাদমাধ্যমের কর্মীরা। তবে দরজা বন্ধ থাকায় বাড়ির কোনও সদস্যের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ফলে তাঁদের কোনও প্রতিক্রিয়াও মেলেনি। বাইরে থেকে অনেক ডাকাডাকি করেও কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। প্রতিবেশীরা জানিয়েছেন, সুমিতের শ্বশুরবাড়ির কাউকেই দুপুর থেকে দেখা যায়নি।
সুমিতের শ্বশুরের নাম সলিল ঘোষ। শাশুড়ি রিনা ঘোষ। সুমিতের এক শ্যালক, তাঁর স্ত্রী ও এক ছেলে আছে। সুমিতের বিয়ে হয়েছিল বছর পাঁচেক আগে। তখন থেকেই এই বাড়িটির প্রতি নজর ছিল সবার। অনেক রাতে দামি গাড়িতে করে সুমিত তাঁর শ্বশুরবাড়িতে আসতেন। রাত কাটিয়ে, বেলায় ফিরে যেতেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক তথা শাসকদলের নেতা-নেত্রীদের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে শ্রীরামপুরে শ্বশুরবাড়িতে এলেও, মানুষের সঙ্গে দূরত্ব বজায় রাখতেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

Post a Comment

Previous Post Next Post