পাহাড় থেকে সমতল—উত্তরবঙ্গ জুড়ে রাতভর তাণ্ডব চালিয়েছে অবিশ্রান্ত বৃষ্টি। অতিভারী বর্ষণের কারণে উত্তরের প্রায় সব নদনদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়ে ভয়ঙ্কর রূপ নিয়েছে, যার মধ্যে অন্যতম তিস্তা ও বালাসন নদী। পাহাড়ি নদী বালাসনের তীব্র স্রোত ও ধসের ধাক্কায় মিরিক এবং শিলিগুড়ির সংযোজক স্থান দুধিয়ার মধ্যে নির্মিত অস্থায়ী হিউম পাইপ সেতুর একটি বড় অংশ ধসে ধুয়েমুছে সাফ হয়ে গেছে। এর ফলে শিলিগুড়ি থেকে মিরিকগামী সরাসরি যোগাযোগের পথ বড়সড় বিপর্যয়ের মুখে পড়েছে। তবে পরিস্থিতির সামাল দিতে কার্যকর ভূমিকা রাখছে ত্রিশক্তি কর্পসের ভারতীয় সেনার নির্মিত বেইলি ব্রিজটি, যা অক্ষত রয়েছে। গত জুলাই মাসে মাত্র ১৯ দিনে রেকর্ড সময়ে তৈরি হওয়া এই বেইলি ব্রিজের ওপর দিয়েই বর্তমানে অত্যন্ত সতর্কতার সঙ্গে হালকা যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে।