পুরুলিয়া: 'এখানে বিমান নামাতে হবে।' রবিবার পুরুলিয়া সার্কিট হাউসে প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এ দিনের প্রশাসনিক বৈঠকে বন, পর্যটন, পূর্ত ও পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের পাশাপাশি জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকরাও হাজির ছিলেন। 'রূপসী' পুরুলিয়ার পর্যটন নিয়েও আশার কথা শুনিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, 'এখানে জঙ্গলকে ঘিরে পর্যটন গড়ে তোলা হবে। বন দপ্তরের অতিথি আবাসগুলির পরিকাঠামো আরও ভালো করা হবে। রিলিজিয়াস পর্যটনের পরিকাঠামোও গড়ে তোলা হবে।' কোটশিলা বনাঞ্চল ঘিরে যে অভয়ারণ্যের প্রস্তাব জেলা থেকে গিয়েছে, সেই প্রস্তাব যে প্রায় অনুমোদনের মুখে তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
শহরের উপকণ্ঠে সুরুলিয়া মিনি-জ়ু পরিকাঠামো ঢেলে সাজা নিয়েও এ দিন আলোচনা হয়। মুখ্যমন্ত্রী বলেন, 'এই জ়ু–তে চিতাবাঘ আনার পরিকল্পনাও রয়েছে।'