দুর্গাপুজো না লিখলে বামেদের বইয়ের স্টলের অনুমতি মিলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। সামনেই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তারপর কলকাতা, হাওড়া-সহ একগুচ্ছ পুরসভার ভোট। দুই ভোটের মাঝে রয়েছে দুর্গাপুজো। বাঙালির শ্রেষ্ঠ উৎসব। কিন্তু সেই উৎসব নিয়েও এখন শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। পুজোর সময় বামপন্থীদের বইয়ের স্টল দেওয়ার রেওয়াজ দীর্ঘদিনের। বৃহস্পতিবার তা নিয়ে হুঁশিয়ারির সুর শোনা যায় শুভেনদু অধিকারীর গলায়। মুখ্যমন্ত্রী বলেছেন, 'আমি সব দুর্গাপুজো কমিটিকে বলব এই তথাকথিত কমিউনিস্টরা পুজোর স্টল করতে গেলে শারদোৎসবের জায়গায় যদি দুর্গাপুজো না লেখে একটা স্টলও করতে দেবেন না।'
এরপর সিপিএম ওয়েস্ট বেঙ্গলের তরফে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়। সিপিএম ওয়েস্ট বেঙ্গলের তরফে পোস্ট করা ওই ছবিতে দেখা যায় ২০২২ সালের পয়লা অক্টোবর শুভেন্দু অধিকারীর সোশাল মিডিয়া পেজে লেখা হয়েছিল সকলকে শারদ উৎসব ও মহাষষ্ঠী'র আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। একই পোস্ট করেন সিপিএম নেতা শতরূপ ঘোষও। তরুণ বাম নেতা বলেন, 'উনি (শুভেন্দু অধিকারী) পোস্ট করেছিলেন শারদোৎসব। এখন ওনার (শুভেন্দু অধিকারী) শারদোৎসবে আপত্তি। ওনার (শুভেন্দু অধিকারী) আগে শারদোৎসব শব্দটায় আপত্তি ছিল না, এখন শারদোৎসবে আপত্তি।'