নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস নেমে বৃহস্পতিবার রাত থেকে বিপর্যস্ত ট্রেন চলাচল। রেল কর্তৃপক্ষ প্রাথমিক ভাবে মনে করেছিলেন, শুক্রবার রাতের মধ্যেই রেল লাইন মেরামতি শেষ হবে। কিন্তু শনিবার সকাল ১০টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, সেই কাজ এখনও শেষ করা যায়নি। তবে পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, কাজ একেবারে শেষের পথে। ফলে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে না শনিবারও। যদিও শুক্রবার বিকেলেই রেল জানিয়েছিল, শনিবার উত্তরবঙ্গ রুটে শুধু আপ লাইনেই ট্রেন চলবে। ডাউন লাইনে বন্ধ থাকবে ট্রেন চলাচল।
শনিবার সকালে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি এই সময় অনলাইন-কে বলেন, ‘কাজ প্রায় শেষের পথে। শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।’ পূর্ব রেলের এক্স হ্যান্ডলেও জানানো হয়, রেললাইন মেরামতির কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকার সিগন্যালিং এবং পিওয়ে-র শেষ পর্যায়ের কাজ চলছে। ট্রেন চলাচল সম্পূর্ণ নিরাপদ এবং স্বাভাবিক করতে রেলের উচ্চ পদস্থ আধিকারিক, ইঞ্জিনিয়ার এবং কর্মীরা নিজেদের মধ্যে সমন্বয় রেখে কাজ করছেন। প্রসঙ্গত, পিওয়ে অর্থাৎ পার্মানেন্ট ওয়ে। রেললাইনের সার্বিক পরিকাঠামো— ইস্পাতের পাত, স্লিপার (ব্যালাস্ট বা পাথরের উপর পাতা কংক্রিট বা কাঠের ব্লক), পাথর (ব্যালাস্ট) এবং লাইনের সংযোগকারী সমস্ত যন্ত্রাংশকে একসঙ্গে পার্মানেন্ট ওয়ে বলা হয়।
শুক্রবার বিকেলেই পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছিলেন, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ফেরার ট্রেনগুলি শনিবার বাতিল থাকবে। সেই তালিকায় রয়েছে— গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস, বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, জলপাইগুড়ি রোড-শিয়ালদহ হামসফর এক্সপ্রেস, রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস, যোগবানী-কলকাতা এক্সপ্রেস, কাটিহার-হাওড়া এক্সপ্রেস, রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেস, বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেস, নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ তিস্তা-তোর্সা এক্সপ্রেস এবং মালদা টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস।
শনিবার সকালেও কিছু ট্রেন বাতিল করা হয়েছে। সেই তালিকায় রয়েছে— মালদা টাউন–আজিমগঞ্জ প্যাসেঞ্জার, মালদা টাউন–সাহেবগঞ্জ মেমু, সাহেবগঞ্জ–আজিমগঞ্জ মেমু, ভাগলপুর–আজিমগঞ্জ প্যাসেঞ্জার, সাহেবগঞ্জ–মালদহ টাউন মেমু, আজিমগঞ্জ–সাহেবগঞ্জ মেমু, আজিমগঞ্জ–বারহারওয়া প্যাসেঞ্জার, আজিমগঞ্জ–ভাগলপুর প্যাসেঞ্জার।