ময়নায় পানের বোরজ থেকে হাত-পা-মুখ বাঁধা এবং বস্ত্রহীন অবস্থায় মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের পূর্ব দক্ষিণ ময়না গ্রামে নিউ প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় পানের বরজ থেকে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম রাধারানী অধিকারী, বয়স আনুমানিক ৪৭ বছর বাড়ি পূর্ব দক্ষিণ ময়না গ্রামে। বুধবার সাতসকালে এলাকার বাসিন্দা অরূপ জানা প্রতিদিনের মতো নিজের পানের বরজ দেখতে গেলে সেখানে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক মহিলাকে পড়ে থাকতে দেখেন। বিষয়টি নজরে আসতেই তিনি ময়না থানায় খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ময়না থানার পুলিশ। ভারপ্রাপ্ত আধিকারিক অর্কদীপ হালদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রের খবর ওই মহিলা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে কীভাবে তাঁর মৃত্যু হল এবং কীভাবে তিনি পানের বরজে পৌঁছলেন, তা নিয়ে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন।
মৃতদেহটি হাত-পা-মুখ বাঁধা অবস্থায় এবং বস্ত্রহীন অবস্থায় উদ্ধারের ঘটনায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। এটি খুন নাকি অন্য কোনও কারণে মৃত্যু—তা নিয়ে তদন্ত শুরু করেছে ময়না থানার পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের দিকেও তাকিয়ে তদন্তকারীরা।